
কানাঘুষো চলছিলই। এবার সেই গুজবকে বাস্তবের তকমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেগনেন্সির খবর পোস্ট করলেন বলিউড কুইন দীপিকা পাড়ুকোন। ৬ বছরের বৈবাহিক জীবনে আসতে চলেছে এক ছোট্ট অতিথি। সেই খুশির খবর সকল ভক্তদের সঙ্গে শেয়ার করলেন দীপিকা। সুখবর পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই দীপিকা ও রণবীর ভাসছেন শুভেচ্ছা বন্যায়। এক টেলিভিশন অনুষ্ঠানে দীপিকা ও রণবীর জানিয়েছেন, তাঁরা দু’জনেই বাচ্চা ভীষণ পছন্দ করেন। কয়েকদিন আগে পর্যন্ত এই সেলিব্রিটি দম্পতি প্রকাশ্যে কিছুই বলেননি। তবে গত কয়েক দিনে সোশ্যাল মিডিয়ায় তাঁদের পোস্ট করা বেশ কিছু ছবি ও লেখা থেকে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছিল যে বলিউডের এই তারকা দম্পত্তি প্রেগন্যান্ট! সাম্প্রতিক ঘোষণা অনুসারে চলতি বছরের সেপ্টেম্বরেই ভূমিষ্ঠ হতে চলেছে তাঁদের প্রথম সন্তান।
দীপিকা-রণবীরের প্রেগন্যান্সির খবর ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। ভক্তরা ইতিমধ্যেই সেই সন্তানের নাম কী হবে, শিশু কোন দিন জন্মাবে, কেমন হবে সেই শিশুর মুখমণ্ডল এই সব বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন।
দীপিকা ও রণবীরের সন্তান সেপ্টেম্বরের ঠিক কোন দিন জন্মাবে তা না জানা গেলেও মাস ধরে আগত শিশুটি সম্বন্ধে কয়েকটি বিষয় অবশ্যই বলা যায়। বিশেষ করে ওই শিশুর বৈশিষ্ট্য, গুণ ও স্বভাব কেমন হবে তার একটা আভাস দেওয়া যায়। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা সাধারণত কন্যা কিংবা তুলা রাশির মধ্যে যে কোনও একটি রাশির জাতক অথবা জাতিকা হয়ে থাকে। সেক্ষেত্রে শিশুর গুণাবলি ও স্বভাব-চরিত্র কেমন হতে পারে, তার পূর্বাভাস পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে, সেপ্টেম্বরে জন্ম নিলে সেই শিশু সত্, ব্যক্তিত্বপূর্ণ, খোলা মনের হয়ে থাকে। যে কোনও কাজেই পূর্ণ আত্মবিশ্বাস থাকে তাদের। আর কী কী গুণ থাকে, তা জেনে নিন একনজরে…
বইপ্রেমী: সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা গভীর মনোযোগ দিয়ে বই পড়তে পছন্দ করে। তারা খুব ভালো শ্রোতা ও সমালোচকও হয়। বই পেলে আর কিছু চায় না। মোবাইল ও টিভি দেখার ঝোঁকও এদের খুব কম হয়। বইয়ের মধ্যেই নিজেদের জগতকে খুঁজে পায় এই মাসে জন্ম নেওয়া শিশুরা।
কঠোর পরিশ্রমী: কন্যা ও তুলা রাশির জাতক-জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হয়। ফলে এই মাসে জন্ম নেওয়া শিশুরা গোড়া থেকেই মনোযোগী ও পরিশ্রমী হয়। কোনও কাজ শেষ না হওয়া পর্যন্ত লাগাতার সেই কাজেই মনোনিবেশ করতে পছন্দ করে। কাজ শেষ না হওয়া পর্যন্ত থামতে চায় না সে। নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য লক্ষ্যে থাকে স্থির। ফলে পরিশ্রমের ফল পায়।
স্নেহ ও যত্নশীল: সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা অন্যদের প্রতি স্নেহশীল ও যত্নশীল হয়। তারা সর্বদা যে কোনও প্রয়োজনে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। অন্য কেউ ভুল করলে তাকে ক্ষমা করতে পারে, কিন্তু মোটেও সেই ভুল মন থেকে মুছে ফেলতে পারে না।
দুর্দান্ত টিম স্পিরিট: দলের মধ্যে থেকে কাজ করতে বেশি পছন্দ করে এরা। সেপ্টেম্বরে জন্ম নেওয়া বাচ্চারা দলের সবচেয়ে দক্ষ সদস্য হিসেবে বিবেচিত হয়। তারা যখনই একটি দলের হয়ে কাজ করে, সেই দলের নেতৃত্ব দানেও পটু হয়। সকলের কাছে প্রিয় হতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এছাড়া দলের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত লড়ে যায় এরা।
খাদ্য রসিক: খেতে যেমন পছন্দ করে, তেমনি খাবার ভাগ করে খেতেও ভালোবাসে এরা। খাবার অপচয়ও এদের না পসন্দ। এমনকী খাবার সম্বন্ধে একটি বড়সড় লেকচারও দিতে পারে যে কোনও সময়।
ভ্রমণপ্রেমী: অনেকেই ভ্রমণ পছন্দ করেন, কিন্তু সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুর জন্য ভ্রমণ একটু ভিন্ন অর্থ বহন করে। এরা যেমন ভ্রমণ পছন্দ করে, তেমনই ঘন ঘন ভ্রমণের জন্য সদাপ্রস্তুত থাকে। দলগত ভ্রমণের পাশাপাশি একাকী ভ্রমণের পরিকল্পনাও করে। বলতে গেলে ভ্রমণপ্রেমী স্বভাবের হয়ে থাকে সেপ্টেম্বর মাসের জন্ম নেওয়া বাচ্চারা।