
বাঙালির বারো মাসে তেরো পার্বণের সবচেয়ে বড় উৎসব— পয়লা বৈশাখ। পথ চলা শুরু হচছে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দের। নতুন বছরের প্রথম দিনে নতুন জামাকাপড় পরা বাঙালির চিরকালীন রীতি। তবে জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার রাশির ওপর ভিত্তি করে যদি পোশাকের রং বেছে নেওয়া যায়, তবে সারা বছরটা আরও বেশি মঙ্গলময় এবং আনন্দদায়ক হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোন রাশির জাতক-জাতিকাদের গায়ে পয়লা বৈশাখে কোন রঙের পোশাক ওঠা সবচেয়ে কল্যাণকর, তা দেখে নিন একনজরে।
মেষ ও বৃষ: নতুন বছরে মেষ রাশির জাতক-জাতিকারা আজ বেছে নিন গাঢ় সবুজ রঙের পোশাক। এটি আপনার জীবনে সজীবতা আর তারুণ্যের ছোঁয়া নিয়ে আসবে। অন্যদিকে, বৃষ রাশির জাতকদের জন্য উজ্জ্বল রঙের পোশাক অত্যন্ত শুভ। আপনার তালিকায় রাখুন লাল, কমলা কিংবা হলুদ রঙের জামাকাপড়।
মিথুন ও কর্কট: মিথুন রাশির ব্যক্তিদের জন্য এই দিনে গাঢ় রঙের পোশাক ইতিবাচক ফল দেবে। বছরের শুরুতে আপনি বাদামি বা খয়েরি রঙের নতুন জামা পরতে পারেন। কর্কট রাশির জাতকদের জন্য এইদিনে ঘন নীল কিংবা গাঢ় গোলাপি রঙের পোশাক সবচেয়ে পয়া।
সিংহ ও কন্যা: সিংহ রাশির জাতক-জাতিকারা আজ সোনালি কিংবা মেরুন রঙের পোশাকে সেজে উঠতে পারেন, যা আপনার নতুন বছরকে মঙ্গলময় করে তুলবে। কন্যা রাশির জাতকদের জন্য আজকের শুভ রং হল বেগনি। এই রঙের পোশাক আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে।
তুলা ও বৃশ্চিক: তুলা রাশির জন্য হালকা রঙের পোশাকই সেরা। সাদা, ফিকে সবুজ কিংবা আকাশি রঙের জামাকাপড় আজ আপনার তালিকায় রাখুন। অন্যদিকে, বৃশ্চিক রাশির জাতকরা আজ ঘিয়ে কিংবা লেবু হলুদ রঙের পোশাকে সেজে উঠুন, এতে ইতিবাচক ফল মিলবে।
ধনু ও মকর: ধনু রাশির জন্য আজ গাঢ় হলুদ কিংবা মেটে রঙের পোশাক পরা সবচেয়ে ভালো। এতে আপনার ভাগ্য প্রসন্ন হবে। মকর রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি উদযাপনের জন্য ফিকে নীল বা হালকা গোলাপি রঙের জামাকাপড় বেছে নিন।
কুম্ভ ও মীন: কুম্ভ রাশির জন্য পেস্তা সবুজ কিংবা হালকা হলুদ রঙের পোশাক আজকের জন্য আদর্শ। এটি আপনার দিনটিকে আনন্দে ভরিয়ে তুলবে। সবশেষে মীন রাশির জাতক-জাতিকারা লাল কিংবা তুঁতে রঙের মধ্যে কোনও একটি বেছে নিন। এতেই আপনার নতুন বছর সুন্দর হয়ে উঠবে।