
কলকাতা: ২০১১ সালের আগস্ট মাস, কলকাতায় খেলতে এসেছিল আর্জেন্টিনার সিনিয়র দল। যুবভারতীর মাঠের ঘাসে ছোঁয়া লেগে রয়েছে লিও মেসি, নিকোলাস ওটামেন্ডি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন প্রমুখের। তার প্রায় ১৫ বছর পর আবার সুখবর পেল কলকাতার ফুটবলপ্রেমীরা। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে এবার খেলতে আসছে ব্রাজিল দল। শোনা গিয়েছে, ব্রাজিলের প্রথম সারির দলই খেলবে কলকাতায়। এর ফলে, দুর্গাপুজোর আগেই বড় উপহার পেতে চলেছে কলকাতাবাসী।
তবে এখানে প্রশ্ন ছিল, কোন দলের বিপক্ষে খেলবে সেলেকাওরা? অবশেষে আজ ব্রাজিলের বিপক্ষ দলের নামও জানা গিয়েছে। ব্রাজিলের বিপক্ষে খেলতে দেখা যাবে ভারতীয় ফুটবল দলকে। অর্থাৎ, ভিনিসিয়াস জুনিয়রদের বিপক্ষে খেলবেন সন্দেশ জিঙ্ঘান, সাহালরা। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে খেলবে ভারতীয় ফুটবল দল। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে মোহনবাগান ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকেই এই ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও আইএফএ সচিব কল্যাণ চৌবে। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন,“এতদিন আমরা দর্শক হয়ে থেকেছি। এবার আমরা নিজেরাও খেলব।”
বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল ফুটবল দল। অবসর নিয়েছেন নেইমার জুনিয়র। এরপরেই আগামী সূচি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সূচি অনুযায়ী, ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজি ভূমেই দুটি প্রীতি ম্যাচ খেলবেন ভিনিসিয়াসরা। এরপরেই ৩ তারিখ ভারতের বিরুদ্ধে কলকাতার মাঠে নামবে নেইমারবিহীন ব্রাজিল। তবে গত বছরের শেষের দিকে মেসি আসার পর যে বল্গাহীন পরিস্থিতি তৈরী হয়েছিল, সেই পরিস্থিতি যেন এবার না হয়, এই আশাতেই রয়েছেন ভারতের ফুটবলপ্রেমীরা।
অন্যদিকে বিদেশের ক্লাবের স্টেডিয়ামের মতো বাংলার তিন প্রধানকে পর্যটনের সঙ্গে যুক্ত করার ভাবনা রাজ্যের। মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এসে জানালেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। তবে তার জন্য ফুটবলের মান উন্নয়ন প্রয়োজন। একমাত্র সেটা হলেই বাংলার শতাব্দী প্রাচীন ক্লাবগুলোকে পর্যটনের সঙ্গে যুক্ত করে বিশ্বের দরবারে তুলে ধরা যাবে বলে মত তাঁর। মন্ত্রীর নতুন ভাবনার কথা ঘোষণার পরেই তা নিয়ে ক্রীড়া মহলের পাশাপাশি পর্যটন মহলেও চর্চা শুরু হয়ে গিয়েছে।
একইসঙ্গে এবার সিলেবাসে ইস্টবেঙ্গল মোহনবাগান এর অন্তর্ভুক্তির পরিকল্পনা। তবে পুরো সিদ্ধান্তই বিশেষজ্ঞ কমিটির। তাদের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে সিলেবাসে অন্তর্ভুক্তি হবে কিনা, মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এসে জানালেন স্কুল ও শিক্ষামন্ত্রী দীপক বর্মন।