
বুয়েনস আইরেস: আর্জেন্টিনা-মিশর (Argentina vs Egypt) ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও রয়ে গিয়েছে সেই ম্যাচের রেশ। এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) ইমেল সিস্টেম হ্যাক করার অভিযোগ উঠল মিশরের সমর্থকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
সংস্থার দাবি, তাদের একটি অফিশিয়াল ইমেল অ্যাকাউন্ট থেকে অনেক সাংবাদিকদের কাছে মেল পাঠানো হয়েছে। ওই মেলে মিশর দল ও তাদের কোচ হোসেন হাসান-এর জন্য ন্যায়বিচার দাবি করা হয়েছে বলেও খবর সূত্রের। এও জানা গিয়েছে, All Egyptian Cyber Warriors নাম নিয়ে কেউ বা কারা আর্জেন্টিনার ফেডারেশনের ডেটাবেসে ঢুকে ইমেল আইডি. পাসওয়ার্ড ও আইপি সংক্রান্ত সব তথ্য হাতিয়ে নেয় ও তারপরই এমন মেল পাঠায়।
আফা বা আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তাদের আইটি বিভাগ তদন্ত করছে, সত্যিই সিস্টেম হ্যাক করা হয়েছিল কি না। তবে হ্যাকারদের পাঠানো ইমেলে জানানো হয়েছে, “মিশরের থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। পুরো ম্যাচেই মিশরের বিপক্ষে পক্ষপাতদুষ্ট রেফারিং করেছেন রেফারি। মিশরই ম্যাচের প্রকৃত বিজয়ী।” কোচ হাসানকে নিয়েও সরব হয়েছে সেই হ্যাকাররা। তাদের মতে, প্যালেস্টাইনের সমর্থনে কথা বলার জন্য কোচ হোসেন হাসানকে টার্গেট করেছে ফিফা। উল্লেখ্য, চলতি বিশ্বকাপেও প্যালেস্টাইনের সমর্থনে কথা বলতে দেখা গিয়েছে মিশরের কোচকে।
বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচটি এখনও বির্তর্কের মূলে। ২-০ পিছিয়ে থেকেও ২-৩ গোলে জেতেন মেসিরা। তবে ম্যাচের থেকেও বেশি বিতর্ক হয় রেফারিং নিয়ে। ইজিপ্টের ফুটবলাররা দাবি করেন, রেফারি আর্জেন্টিনাকেই জেতানোর জন্য খেলিয়েছে এবং সবাই চায়, যেন আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। তবে এই সাইবার সংক্রান্ত ঘটনার পর আজেন্টিনার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সাংবাদিকদের ওই ইমেল উপেক্ষা করার অনুরোধ করা হয়েছে। তারা জানিয়েছে, ভবিষ্যতে তারা সাইবার সিকিউরিটি আরও জোরদার করবে, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।