
ঢাকা : অক্টোবরে ভারতে খেলতে আসছে ব্রাজিল দল। ৩ তারিখ ভারতের বিরুদ্ধে যুবভারতী স্টেডিয়ামে খেলবেন ভিনিসিয়াসরা। এর মধ্যেই মাঠ সংক্রান্ত সমস্যার জন্য বাংলাদেশে প্রস্তুতি দেখতে গিয়েছিল বাংলাদেশের প্রতিনিধি দল। সেখানেই বাংলাদেশেও একটি ম্যাচ আয়োজন নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এবার জানা গিয়েছে, এই ম্যাচের জন্য সরকারি অর্থ খরচ করবে না বাংলাদেশের সরকার। মঙ্গলবার বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হোক এই বিষয়টি জানিয়েছেন।
সম্প্রতি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। তারা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস এরিনা পরিদর্শন করেন। মাঠের পরিকাঠামো সন্তোষজনক মনে হলেও বেশ কিছু পরামর্শ দিয়েছিল সেই প্রতিনিধি দলটি। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আমিনুল। ব্রাজিল বাংলাদেশে আসবে কি না, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। ম্যাচ আয়োজনের আর্থিক বিষয় নিয়েও কিছু আলোচনা হয়নি। সরকারও ব্রাজিলকে আতিথেয়তা দেওয়ার খরচ বহন করতে আগ্রহী নয়। আমিনুল হক জানিয়েছেন, একটি ম্যাচের জন্য বিপুল পরিমাণ সরকারি অর্থ খরচ করার মতো পরিস্থিতি বা মানসিকতা বর্তমানে সরকারের নেই। বিদ্যুৎ বা জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতে সরকারের ব্যয়ের চাপের কথাও উল্লেখ করেন তিনি। তবে বাংলাদেশের ফুটবল ফেডারেশন যদি স্পনসর জোগাড় করে ম্যাচ আয়োজনের খরচ বহন করতে পারে, সেক্ষেত্রে সরকার এই উদ্যোগকে সমর্থন করবে বলে জানিয়েছেন আমিনুল।
তবে ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেললে বাংলাদেশের ফুটবলের কত উন্নতি হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল। তাঁর মতে, ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে খেলে আদৌ দেশের ফুটবলের কোনও সার্বিক উন্নতি বা পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন না। যদিও, ইতিমধ্যেই কলকাতায় ভিনিসিয়াসদের কলকাতায় খেলতে আসা নিয়ে কলকাতার ফুটবলপ্রেমীরা ব্যাপক উৎসাহিত। তার পাশাপাশি ঢাকায় ব্রাজিলের ম্যাচ আয়োজন করা সম্ভব হলে সেটিও বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রের জন্য খুব চমকের বিষয় হবে।