Brazil Football Team in Kolkata: কলকাতার মুকুটে নতুন পালক, যুবভারতীতে খেলতে আসছে ভিনিসিয়াস-ক্যাসেমিরোর ব্রাজিল?

Vinicius JR.- ২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করেছিল ব্রাজিল। শেষ ১৬য় নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যদিও পুরো টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি চারটি গোল করার পাশাপাশি একটি গোলেও সহায়তা করেছিলেন। কিন্তু তাঁর ব্যক্তিগত ক্যারিশমাও ব্রাজিলকে নক-আউট পর্ব টপকাতে পারেনি।

Brazil Football Team in Kolkata: কলকাতার মুকুটে নতুন পালক, যুবভারতীতে খেলতে আসছে ভিনিসিয়াস-ক্যাসেমিরোর ব্রাজিল?
ব্রাজিল দলImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 25, 2026 | 3:20 PM

কলকাতা : ২০১১ সালে কলকাতায় প্রীতিম্যাচ খেলতে এসেছিল আর্জেন্টিনা। শহরে প্রথমবার খেলতে এসেছিলেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে সেই ম্যাচ ১-০ জিতেছিল আর্জেন্টিনা। গোল করেছিলেন ওটামেন্ডি। এবার তার ১৫ বছর পর আবার নতুন পালক জুড়তে চলেছে কলকাতার গৌরবের মুকুটে। শোনা গিয়েছে, সব ঠিক থাকলে কলকাতায় খেলতে আসতে পারে ব্রাজিল ফুটবল দল। পুজোর মরশুমেই শহরে আগমন হতে পারে ভিনি, রদ্রিগো, লুকাস পাকুয়েতাদের।

ESPN Brazil এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের পরবর্তী আন্তর্জাতিক সূচি জানিয়েছে ব্রাজিল। সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর পাশাপাশি ভারতেও খেলার পরিকল্পনা করেছে ব্রাজিল। একদিকে যেমন কলকাতায় খেলতে পারেন ভিনিসিয়াসরা, তেমনই মুম্বইতেও খেলতে দেখা যেতে পারে ব্রাজিলকে। প্রতিবেদন অনুযায়ী, চলতি ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীন সিবিএফ ও ভারতের সংশ্লিষ্ট মহলের মধ্যে এই আলোচনা শুরু হয়। বিশ্বকাপ জুড়ে ব্রাজিলের প্রতি ভারতীয় সমর্থকদের বিপুল উন্মাদনা ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ছবি ও ভিডিও ব্রাজিলকে ভারতে ম্যাচ খেলতে আগ্রহী করে তুলেছে।

ব্রাজিল আগামী সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত তিনটি ফিফা ফ্রেন্ডলি খেলবে। ২৫ সেপ্টেম্বর টাউন্সভিলে ও ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। তৃতীয় ম্যাচটি আয়োজনের জন্যই আদৌ ভারতের সঙ্গে আলোচনা করা যায় কিনা, সেই বিষয়েই আলোচনা চলছে। যদি শেষ পর্যন্ত কলকাতায় এই ম্যাচ আয়োজন করা হয়, তাহলে শহরের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহাসিক সম্পর্কের আরও একটি নতুন অধ্যায় যোগ হবে। ১৯৭৭ সালে কলকাতায় খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের মাঠে খেলেছিল পেলের কসমস ক্লাব। পরে আবার ২০১৫ সালে কলকাতায় আবার আগমন হয় পেলের।

২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স করেছিল ব্রাজিল। শেষ ১৬য় নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যদিও পুরো টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি চারটি গোল করার পাশাপাশি একটি গোলেও সহায়তা করেছিলেন। কিন্তু তাঁর ব্যক্তিগত ক্যারিশমাও ব্রাজিলকে নক-আউট পর্ব টপকাতে পারেনি। তবে ২০২৫ সালের মেসির লাঞ্ছনার পর আবার কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে সুযোগ রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, অ্যালিসন বেকার, ক্যাসেমিরো, মার্কুইনহোসদের জোগো বোনিতো চোখের সামনে দেখার। তবে ব্রাজিলের বিপক্ষে কি কলকাতায় খেলবে ভারত? তা হলে তো সোনায় সোহাগা।

Follow Us