
কলকাতা: দিনকয়েক আগেই জানানো হয়েছিল, কবে হবে সিএবি-র যুগ্মসচিব পদের নির্বাচন। কিন্তু আচমকাই তা পিছিয়ে দেওয়া হল সিএবি-র তরফে। কারণ হিসেবে উঠে আসছে, নিয়মভঙ্গ। নিয়ম ভাঙার অভিযোগেই বঙ্গ ক্রিকেট সংস্থায় একাধিক চিঠি পাঠানো হয়েছে।
তবে নির্বাচন পিছোনোর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে মদন ঘোষ কাণ্ড। ৭০ বছর বয়স হয়ে গেলেই লোধা আইন মেনে ছেড়ে দিতে হবে পদ, এই নিয়ম অমান্য করেছেন মদন ফলে বিতর্ক আগেই তৈরী হয়েছিল। সিএবির যুগ্ম সচিবের পদ ছাড়া নিয়ে এরপরেই তৈরী হয় অহেতুক বিতর্ক। মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার পরেও কয়েক মাস বাড়তি পদে ছিলেন মদন। অবশ্য, বিতর্ক বাড়তেই তাঁকে সরিয়ে দেয় সিএবি। অভিযোগ উঠেছিল, সিএবি লোধা কমিটির আইন মানছে না। এবার সেই বিষয়েই জমা পড়েছে চিঠি। সিএবি অনুমোদিত একাধিক সংস্থা থেকে সিএবির নির্বাচনী অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।
একাধিক ক্লাব, সংস্থা, এক প্রাক্তন ক্রিকেটার – সবাই অভিযোগ করেছেন এই নির্বাচন নিয়ে ও তাঁরাই চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। এর ফলে রবিবার, অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও কোনো মনোনয়ন জমা পড়ল না। ফলেই আপাতত বিশ বাঁও জলে সিএবির যুগ্ম সচিব পদের নির্বাচন। অবশ্য, অতীতেও একের পর এক বিতর্কে বিদ্ধ সিএবি। আগেও নাকি নেতাদের ক্ষমতা প্রদর্শন দেখেছে সিএবি, এবার দেখছে নির্বাচন নিয়ে টালবাহানাও। কিন্তু সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও কোনও মন্তব্য করেননি। তাঁর পদক্ষেপের দিকে এই মুহূর্তে তাকিয়ে বঙ্গ ক্রীড়ামহল।