India vs England: অশ্বিনের ১০০তম টেস্টে অভিষেক দেবদত্তর, ধরমশালায় বড় রান তুলতে চান স্টোকসরা

Devdutt Padikkal: লোকেশ রাহুল রাজকোট টেস্টের আগে পুরোপুরি ফিট না হওয়ায় তাঁর রাজ্যের ২৩ বছরের দেবদত্ত জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তিনি সেই সময় রঞ্জি ট্রফিতে ব্যস্ত ছিলেন। চলতি রঞ্জিতে ভালো পারফর্ম করার সুবাদেই দেবদত্ত ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। এ বার তাঁর টেস্ট অভিষেকও হল।

India vs England: অশ্বিনের ১০০তম টেস্টে অভিষেক দেবদত্তর, ধরমশালায় বড় রান তুলতে চান স্টোকসরা
অশ্বিনের ১০০তম টেস্টে অভিষেক দেবদত্তর, ধরমশালায় বড় রান তুলতে চান স্টোকসরা

Mar 07, 2024 | 9:33 AM

কলকাতা: নয়নাভিরাম ধরমশালায় মাইলস্টোন ম্যাচ। লক্ষ্মীবারটা রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ক্রিকেট কেরিয়ারের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ১০০তম টেস্ট খেলতে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবেন অশ্বিন। দেশের জার্সিতে ১০০টা টেস্ট খেলার মতো রেকর্ড কত জনই বা করতে পারেন! অশ্বিনের মাইলস্টোন ম্যাচ আবার কর্নাটকের তরুণ ব্যাটার দেবদত্ত পাড়িক্কালের (Devdutt Padikkal) জন্যও বিশেষ। কারণ আজ তাঁর টেস্ট অভিষেক হল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজের শেষ ম্যাচে যে রজত পাতিদারের জায়গায় ভারতের একাদশে সুযোগ পেতে পারেন দেবদত্ত, এমনটা ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছিল। এ বার সেটাই হল। শততম টেস্ট খেলতে নামা রবি অশ্বিন টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দেব দেবদত্তর মাথায়।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। লক্ষ্য রোহিত শর্মাদের বিরুদ্ধে স্কোরবোর্ডে বিরাট রান তোলা। এই সিরিজে সব মিলিয়ে মোট ৫ ভারতীয় ক্রিকেটারের অভিষেক হল। লোকেশ রাহুল রাজকোট টেস্টের আগে পুরোপুরি ফিট না হওয়ায় তাঁর রাজ্যের ২৩ বছরের দেবদত্ত জাতীয় দলে ডাক পেয়েছিলেন। তিনি সেই সময় রঞ্জি ট্রফিতে ব্যস্ত ছিলেন। চলতি রঞ্জিতে ভালো পারফর্ম করার সুবাদেই দেবদত্ত ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। এ বার তাঁর টেস্ট অভিষেকও হল।

টসের পর রোহিত বলেন, ‘এই ম্যাচ জিতে আমাদের কাছে এই সিরিজটা ভালো করে শেষ করার সুযোগ থাকছে। আমার মনে হয় এটা ব্যাটিং করার ভালো পিচ। এটা বিশ্বের অন্যতম সুন্দর জায়গা। এখানকার আবহাওয়া ভীষণ ভালো।’ দেশের কিংবদন্তি রবি শাস্ত্রী এরপর রোহিতকে তাঁর সতীর্থ অশ্বিনের মাইলস্টোন ম্যাচ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘অশ্বিন ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা। ওর জন্য এবং ওর পরিবারের জন্য এটা দারুণ মুহূর্ত। ও অনেকটা পথ পেরিয়ে এসেছে। আশা করি আরও এগিয়ে যাবে।’

ভারতের একাদশে কাঙ্খিত দুটি পরিবর্তন হয়েছে। রোহিত জানান, বুমরা এই টেস্টে ফেরায় আকাশদীপের জায়গায় একাদশে এসেছেন। এবং শেষ রাতে অনুশীলনের সময় রজত পাতিদার চোট পেয়েছিলেন। তাই তাঁর জায়গায় দেবদত্ত পাড়িক্কালের অভিষেক হল। বোর্ডও এক বিবৃতিতে রজতের চোটের কথা জানিয়েছে।

অশ্বিনের মতো ইংল্যান্ড টিমেও রয়েছেন একজন শততম টেস্ট খেলতে চলা ক্রিকেটার। তিনি জনি বেয়ারস্টো।

ইংল্যান্ডের একাদশ – জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (ক্যাপ্টেন), বেন ফোকস (উইকেটকিপার), টম হার্টলি, মার্ক উড, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।

ভারতের একাদশ – রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, দেবদত্ত পাড়িক্কাল, সরফরাজ খান, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

Follow Us