
কলকাতা: ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও আইপিএল দু’এক দিন পিছিয়ে যেতে পারে। বিসিসিআই এখনও টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেনি। সূচি ঘোষণা করা না হলেও ২৮ বা ২৯ মার্চ আইপিএল শুরুর সম্ভাবমনা রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ঘোষণা হতে পারে। শুরু যদি পিছিয়ে যায়, তাহলে ফাইনালও কি পিছবে? তা এখনও স্পষ্ট নয়। তবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নাকি প্রাথমিক ভাবে বিষয়টি জানিয়ে রাখা হয়েছে। এখনও পর্যন্ত বিসিসিআই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি। এর প্রধান কারণ তামিলনাড়ু, অসম, কেরল এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। শোনা যাচ্ছে আংশিক সূচি প্রকাশ করে আইপিএল শুরু হতে পারে।
এর আগে ২০১৯ সালেও লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। জানা গেছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছে। যাতে আগামী মরসুমকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। সম্প্রচারকারী সংস্থা ও দলগুলোকে এনবিএ, এনএফএলের ধাঁচে প্রচার করার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে কী ভাবে সর্বোচ্চ প্রচার করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
এবার টুর্নামেন্টের কয়েকটি শক্তিশালী দল নিজেদের পারফরম্যান্স আরও ভালো করে খেতাব জেতার লক্ষ্য নিয়ে নামবে। সিএসকে গত বছর সাফল্য পায়নি। মুম্বই ইন্ডিয়ান্সও শিরোপা জিততে পারেনি। আর দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম শিরোপার খোঁজে। এরই মধ্যে বিরাট কোহলিকে নিয়ে চর্চার শেষ নেই। আরসিবি গতবার চ্যাম্পিয়ন হয়েছে আইপিএলে। দ্বিতীয় খেতাব কি পাবেন বিরাট?