
কলকাতা: দিল জিত লিয়া গিল… (যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, হৃদয় জিতলেন গিল) সোশ্যাল মিডিয়ায় আবার নেটিজ়েনরা এ কথা বলছেন। কারণ কী? আসলে রাঁচির বিমানবন্দরে সম্প্রতি রবিন মিঞ্জের বাবার সঙ্গে দেখা হয়েছিল শুভমন গিলের (Shubman Gill)। রবিন মিঞ্জ (Robin Minz) নামটার সঙ্গে গত বছরের আইপিএল (IPL) নিলামের পর থেকে ক্রিকেট প্রেমীরা পরিচিত। আইপিএলের ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার রবিন মিঞ্জ। দুবাইতে হওয়া আইপিএল ২০২৪ এর মিনি নিলামে ৩.৬ কোটি টাকায় রবিন মিঞ্জকে নিয়েছে গুজরাট টাইটান্স। তাঁর বাবা রাঁচির বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর কাজ করেন। তাঁর সঙ্গে এ বার দেখা হয়েছে গুজরাটের নতুন ক্যাপ্টেন শুভমন গিলের। কী কথা হল তাঁদের?
২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেখানে গুজরাট টাইটান্স শিবিরে দেখা যাবে রবিন মিঞ্জকে। রাঁচি টেস্ট জয়ের পর ধোনির শহর ছাড়ার সময় বিমানবন্দরে শুভমন দেখা করেন রবিন মিঞ্জের বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জের সঙ্গে। তাঁদের কথোপকথনের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Humility exemplified as Captain Gill meets Francis Minz, our new Titan, Robin Minz’s father! 💙#AavaDe pic.twitter.com/WUhQXMx4R8
— Gujarat Titans (@gujarat_titans) February 28, 2024
শুভমন গিলকে টেস্ট সিরিজ জয়ের জন্য শুভেচ্ছা জানান রবিন মিঞ্জের বাবা। একইসঙ্গে গুজরাট টাইটান্সের আগামী আইপিএল মরসুমের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন রবিনের বাবা। তাঁর ছেলেকে গুজরাট আইপিএল নিলাম থেকে কেনার জন্যও ধন্যবাদ জানিয়েছেন রবিন মিঞ্জের বাবা ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জ। গুজরাট টাইটান্স তাদের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো শেয়ার করেছে।
Shubman Gill surprises Gujarat Titans team-mate Robin Minz’s father at the airport. 👏
– A great gesture by the Captain. pic.twitter.com/seTDRrKWVT
— Johns. (@CricCrazyJohns) February 28, 2024
পাশাপাশি গুজরাটের নতুন ক্যাপ্টেন শুভমন গিল নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রবিন মিঞ্জের বাবার সঙ্গে ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘রবিন মিঞ্জের বাবার সঙ্গে দেখা করতে পেরে গর্বিত লাগছে। আপনার জার্নি ও কঠোর পরিশ্রম অনুপ্রেরণাদায়ক। আপনাকে আইপিএলে দেখার জন্য অপেক্ষায় রয়েছি।’