
কলকাতা : রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। নির্বাচনে ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। বিশাল ব্যবধানে জয় পেয়ে সরকার গঠন করেছে বিজেপি (BJP)। তবে সরকার থেকে গদি সরে গেলেও ভারতীয় ফুটবলে মুখরক্ষা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) ফুটবল ক্লাবের। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কোয়ালিফাই করল তাঁর ক্লাব ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC) । এর ফলে ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগানের (Mohun Bagan) সঙ্গে আগামী বছর থেকে আইএসএলে (ISL 2026) খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকে।
গতকাল উদ্বোধনী মরসুমেই ইন্ডিয়ান ফুটবল লিগ বা আইএফএল জিতে নিল ডায়মন্ড হারবার। ডেম্পোর বিরুদ্ধে ১-১ ড্র করার ফলে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। অতীতে আই লিগ ৩, আই লিগ ২-এর শিরোপাও পেয়েছিল কিবা ভিকুনার ছেলেরা। রবিবার ফতোরদা স্টেডিয়ামে প্রথমেই এগিয়ে গিয়েছিল ডেম্পো। ৯০+১ মিনিটে গোল করে সমতা ফেরালেন ডায়মন্ড হারবারের হুগো ডিয়াজ। এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন হয়ে গেল কিবা ভিকুনার ছেলেরা। এখনও ১ ম্যাচ বাকি। তবে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আইএসএলে খেলা নিশ্চিত করল ডায়মন্ড হারবার। ফলে, লাজং, শ্রীনিধি শেষ ম্যাচে জিতলেও ২৮ পয়েন্টের বেশি পাবে না। শুরু থেকেই ধাপে ধাপে উঠে এল ডায়মন্ড হারবার। প্রথম থেকেই এই দলের কোচ কিবা ভিকুনা। এই নিয়ে দু’খানা আই লিগ পেলেন কিবা ভিকুনা। অতীতে মোহনবাগানের হয়েও আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন কিবু ভিকুনা।
এই আইএসএলে আগেই অবনমন নিশ্চিত হয়ে গিয়েছে মহমেডানের। তবে ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে সেই ক্ষতে একটু হলেও মলমের প্রলেপ দিল ডায়মন্ড হারবার। দলের সাফল্যে উচ্ছ্বসিত কোচ কিবু বললেন,”আমার ৪ বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে। ৪ বছর আগে আমরা পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলাম। ৪ বছর পর আজ আমাদের ভারতের সর্বোচ্চ ফুটবল লিগে পদোন্নতি ঘটল। শেষ ৩ বছরে আমরা আই লিগ ৩, ২, ১ – তিনটিই জিতেছি। তবে আমি ধন্যবাদ জানাতে চাই দলের ম্যানেজমেন্টের, সমর্থকদের এবং খেলোয়াড়দের। তাঁদের ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না।”