
আমেরিকা : বিশ্বকাপ চলাকালীন দুঃসংবাদ। ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। আকস্মিক মৃত্যু ঘটেছে, নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিঙ্কের। বিশ্বকাপের প্যানেলে তাঁকে রাখা হলেও এক নাবালককে যৌন নিগ্রহের অভিযোগ ওঠায় তাঁকে ফিফার রেফারিদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে তদন্তে প্রমাণের অভাবে মামলাটি বন্ধ করে দেওয়া হয়।
ডাচ ফুটবল সংস্থা কেএনভিবি এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে,“রবের মৃত্যুতে আমরা স্তম্ভিত ও শোকাহত। আমরা শুধু একজন দক্ষ রেফারিকেই হারাইনি, হারিয়েছি একজন অত্যন্ত আন্তরিক সহকর্মীকেও।” ফিফাও পৃথক বিবৃতি দিয়ে সমবেদনা জানিয়েছে। তারা বলেছে,“সমগ্র ফুটবল বিশ্বের পক্ষ থেকে আমরা তাঁর পরিবার, বন্ধু ও ডাচ ফুটবল সংস্থার প্রতি আন্তরিক সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ লীগ এরেডিভিসিতে রেফারিং করছিলেন তিনি। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচেও তিনি ভার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ভার রেফারিদের তালিকাতেও তাঁর নাম ছিল। কিন্তু এই অভিযোগের পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু মামলা বন্ধের পরেও তাঁকে আর ফেরায়নি ফিফা।
বিশ্বকাপ শুরুর আগে এক নাবালককে যৌন নিগ্রহের অভিযোগে মেট্রোপলিটান পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। সেই বিতর্কের জেরেই বিশ্বকাপে দায়িত্ব পাওয়ার সুযোগ হারান তিনি। অভিযোগ ওঠার পর ডাচ সংবাদপত্র ডে টেলিগ্রাফকে ডিপেরিঙ্ক জানিয়েছিলেন,“আমাকে ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি নির্দোষ। তদন্তের শুরু থেকেই আমি পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছি। পাশাপাশি ফিফা, উয়েফা ও কেএনভিবিকেও সব তথ্য জানিয়েছি।” এমনকি অনেকেই বলেছিলেন, তাঁকে রেফারি প্যানেল থেকে সরানোর পর তিনি মানসিকভাবে হতাশ ছিলেন।