
মুম্বই সিটি এফসি – ১ (ব্রেন্ডন) : ইস্টবেঙ্গল – ২ (ইউসুফ, নন্দকুমার)
কলকাতা : শেষ তিন দিনের মধ্যে চমকের পর চমক ঘটছে বঙ্গে। প্রথম, অবশ্যই রাজ্যের পালাবদল। ১৫ বছরের তৃণমূল সরকারকে (Trinamool Congress)সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। দ্বিতীয় ও তৃতীয়, অবশ্যই খেলা সংক্রান্ত। দ্বিতীয়, ২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (Uefa Champions League) ফাইনালে আর্সেনাল (Arsenal)। শেষবার তারা ফাইনাল খেলেছিল ২০০৬ সালে, যেবার মেসি-স্যামুয়েল এটোর বার্সেলোনা (Barcelona) ফাইনালে হারিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালকে। তার ২০ বছর পর আজ ইউসিএল সেমি ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে (Atletico Madrid) ১-০ হারিয়ে (দুই লেগ মিলিয়ে ২-১) ফাইনালে গেল আর্সেনাল। এবং তৃতীয়, আইএসএলের ইতিহাসে এই প্রথমবার টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল (East Bengal)। ২০২০ সাল থেকে আইএসএল খেলা ইস্তক কোনওদিন এত ভাল পারফরম্যান্স করেনি লাল-হলুদ। গতকাল এক গোলে পিছিয়ে থেকে ২-১ জিতে শীর্ষে গেল ইস্টবেঙ্গল।
গতকাল লাল-হলুদের কাছে অপয়া মাঠ মুম্বই এরিনাতে শুরু থেকে নামেননি মিগুয়েল ও ইউসুফ ইজ্জেজারি। তাঁদের দুজনেরই দুরন্ত ফর্ম, কিন্তু তাঁরা না থাকায় খুব একটা গোলের সুযোগ পেলেও খাতা খুলতে পারেনি লাল-হলুদ। অ্যান্টন সোজবার্গ ডিফেন্সের প্রধান দায়িত্বে থাকলেও রক্ষণের ভুল শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো। রক্ষের ভুলেই শুরুতেই গোল খেয়ে গেল ইস্টবেঙ্গল। ৮ মিনিটের মাথায় ব্রেন্ডনের গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। এর ঠিক পরেই একটি সুবর্ণ সুযোগ মিস করেন সেই ব্রেন্ডন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটে পরিবর্তন করেন লাল-হলুদ কোচ অস্কার। মিগুয়েল, ইউসুফ ও সৌভিক – এই ত্রিফলা ঝড়ে উড়ে যায় মুম্বই। ৫৮ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করে ১-১ করেন সেই ইউসুফ, যিনি এই মুহূর্তে লাল হলুদের হয়ে দারুন ফর্মে। ৭১ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের বাঁদিক থেকে নন্দকুমারের জোরালো শট জড়িয়ে যায় জালে। ১-০ থেকে পিছিয়ে ২-১ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। যদিও ৭৮ মিনিটে ছাংতের একটি গোল বাতিল করা হয় অফসাইডের জন্য, তবুও মুম্বই গোলের চেষ্টা চালিয়ে গিয়েছিল ক্রমাগত।
এই মুহূর্তে ১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১ নম্বরে ইস্টবেঙ্গল। ৯ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোহনবাগান সুপারজায়েন্ট। যেখানে শেষ ৫ ম্যাচে ৪ জয় পেয়েছে লাল-হলুদ, সেখানে ২ ড্র ও ২ জয় সঙ্গী সবুজ-মেরুনের। মোট ১৩ ম্যাচের লিগে ইস্টবেঙ্গলের বাকি ৩ ম্যাচ, মোহনবাগানের বাকি ৪। শিরোপা ধরে রাখতে গেলে প্রতি ম্যাচেই ভাল খেলতে হবে দুই দলকে। এর মধ্যেই ১৭ মে রয়েছে কলকাতা ডার্বি। তবে এই দুরন্ত ফুটবল খেলে যেভাবে শিরোপা ছোঁয়ার দিকে এগোচ্ছে ইস্টবেঙ্গল, কোনও সন্দেহ নেই, ‘বড় ম্যাচ’-এর আগে অধিক আত্মবিশ্বাসী তারাই থাকবে।