
আমেরিকা : আর মাত্র এক দিনের অপেক্ষা। তারপরই শেষ হবে প্রায় দেড়মাস ধরে হতে চলা ফুটবল উৎসব (FIFA World Cup 2026)। তবে এর মধ্যেই একটা বড় খবর নিয়ে এসেছে ফিফা (FIFA)। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম এমন অভিনব উদ্যোগ আনছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup Final) যে দল চ্যাম্পিয়ন হবে, সেই দলের সব সদস্যকে দেওয়া হবে একটি বিশেষ পুরস্কার। এই পুরস্কার বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম দেওয়া হচ্ছে। আগামীকাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন (Argentina vs Spain)। তার আগেই বিশেষ ঘোষণা করল ফিফা।
শোনা গিয়েছে, এবার চ্যাম্পিয়ন দলের সকল সদস্যকে দেওয়া হবে একটি বিশেষ আংটি। সচরাচর চ্যাম্পিয়ন দল বিশ্বকাপ জেতার পাশাপাশি মেডেল পায় কিন্তু এবার এই প্রথম এই বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ স্পেশাল আংটির আত্মপ্রকাশ ঘটাল ফিফা। ট্রফির সঙ্গে এবার দেওয়া হবে এই চ্যাম্পিয়নশিপ আংটি।
তবে কী রয়েছে এই আংটিতে? ফিফা জানিয়েছে, আংটির একদিকে থাকবে বিশ্বকাপ ট্রফি ও অন্যদিকে জয়ী দলের একটি প্রতীক চিন্হ। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ফিফা মোট ২০২৬টি আংটি এনেছে বাজারে। এর মধ্যে ৩০টি আংটি আলাদা করে রাখা চ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য। বাকি ১৯৯৬টি আংটির মালিক ফ্যানেরা। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আংটি তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের কোচ, ক্যাপ্টেনকে। পরে বাকি দলের বাকি সদস্যকে দেওয়া হবে এই আংটি।
স্থানীয় সময় রবিবার বিকেল ৩টে নাগাদ শুরু ফাইনাল যা ভারতীয় সময় ২০ জুলাই, সোমবার রাত সাড়ে ১২টা। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই আগ্রহের পারদ চড়ছে কারণ এই ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনার লিওনেল মেসি (Lionel Messi) ও স্পেনের লামিন ইয়ামাল (Lamine Yamal)। ২০০৭ সালে একরত্তি ইয়ামালকে ২০ বছরের মেসির স্নান করানোর দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। একদিকে পরপর দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। অন্যদিকে, ১৬ বছর পর আবার বিশ্বসেরা হওয়ার হাতছানি স্পেনের কাছেও। তবে ৩৯ বছরের মেসি ও ১৯ বছরের ইয়ামাল – এই দুই প্রজন্মের লড়াই দেখতে আগ্রহী সকল ফুটবল সমর্থক।