FIFA World Cup 2026: হাইতির পর এবার মিশর, আবার জার্সি বিতর্কে কড়া পদক্ষেপ নিল ফিফা!

Egypt : এই বিষয়ে আগে থেকেই জানতেন মিশর ফুটবল দলের কর্তারা। শোনা গিয়েছে, আগামী মঙ্গলবার, ১৬ জুন বেলজিয়ামের বিরুদ্ধে নামার আগে নতুন জার্সি প্রস্তুত হয়ে যাবে মিশরের। এই গ্ৰুপে মিশরের সঙ্গে রয়েছে ইরান, নিউজিল্যান্ড ও বেলজিয়াম। ইরানকে নিয়েই চর্চায় রয়েছে এই গ্ৰুপ।

FIFA World Cup 2026: হাইতির পর এবার মিশর, আবার জার্সি বিতর্কে কড়া পদক্ষেপ নিল ফিফা!
মিশরের জার্সিতে মো সালাহ!Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 14, 2026 | 11:56 AM

কলকাতা : ২০২৬ বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে মিশর (Egypt)। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রথমে হাইতিকে জার্সি বদলের নির্দেশ দিয়েছিল ফিফা (FIFA)। বলা হয়েছিল, পোল্যান্ডের (Poland) পতাকা বুকে নিয়ে খেলতে পারবেন না হাইতির (Haiti) খেলোয়াড়রা। এবার মিশরের দলকেও নির্দেশ দিল ফিফা। ফিফা জানিয়েছে, বিশ্বকাপে তাদের বর্তমান জার্সি বা ইউনিফর্ম জার্সি ফিফার নিয়মাবলীর সাথে সঙ্গতিপূর্ণ নয়। ফলে, মাঠে নামার আগেই এই জার্সিতে বড়সড় পরিবর্তন আনতে বাধ্য হল মিশর।

ফিফার পক্ষ থেকে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশনকে মূল দুটি পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, মিশরকে জাতীয় দলের লোগো বা ক্রেস্টের ওপর থাকা তারাগুলো অবিলম্বে সরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, জার্সির পিছনে থাকা খেলোয়াড়দের নাম ও নম্বরের রঙে বদল আনতে হবে।

কেন এই নির্দেশ দিল ফিফা?

মিশরের দল তাদের ব্যাজের ওপর ৭টি তারার চিহ্ন রাখে। এই ৭টি তারা আসলে তাদের আফ্রিকান কাপ ‘আফ্রিকান কাপ অফ নেশনস বা আফকন’ জয়ের প্রতীক। আফ্রিকান ফুটবলের সবচেয়ে সফল দল হিসেবে পরিচিত মিশর। ১৯৫৭ ,১৯৫৯, ১৯৮৬, ১৯৯৮, ২০০৬, ২০০৮ – এই ৭বার আফকন পেয়েছে মিশর। তবে এই জার্সিই বদলাতে বলেছে ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের জার্সিতে কেবল বিশ্বকাপ জয়ের প্রতীক ছাড়া আর কোনও কিছু ব্যবহার করা যাবে না। যেহেতু মিশর কোনওদিন বিশ্বকাপ জেতেনি, তাই তারা এই তারা লাগাতে পারবে না। এর পাশাপাশি, ফিফা বলেছে ম্যাচ রেফারি ও টিভি ব্রডকাস্টের সুবিধার্থে এই নম্বর ও নামের রং পরিবর্তন করার নির্দেশ ফিফার। কারণ, যেহেতু মিশরের এই নম্বর বা নামের রং সোনালী, তাই দেখতে অসুবিধে হয় রেফারির। দর্শকদের সুবিধার্থে কন্ট্রাস্ট বা দৃশ্যমানতা বাড়াতে সোনালীর পরিবর্তে সাদা রং ব্যবহার করার নির্দেশ দিয়েছে ফিফা।

যদিও, এই বিষয়ে আগে থেকেই জানতেন মিশর ফুটবল দলের কর্তারা। শোনা গিয়েছে, আগামী মঙ্গলবার, ১৬ জুন বেলজিয়ামের বিরুদ্ধে নামার আগে নতুন জার্সি প্রস্তুত হয়ে যাবে মিশরের। এই গ্ৰুপে মিশরের সঙ্গে রয়েছে ইরান, নিউজিল্যান্ড ও বেলজিয়াম। ইরানকে নিয়েই চর্চায় রয়েছে এই গ্ৰুপ। তার মধ্যে ফিফার এই নয়া নির্দেশিকা নিয়ে আরও চর্চায় গ্ৰুপ জি।

Follow Us