
কলকাতা: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এরপরেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন ইনফান্তিনো। এমনকি আসরে নামতে হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকেও। প্রস্তাবের পরিকল্পনা নিয়ে রীতিমতো ক্ষমা চেয়েছে ফিফার শাসক সংস্থা। যদিও ফিফার মত, তাদের শীর্ষ কর্তাদের সমর্থন পাচ্ছেন ইনফান্তিনো।
মরোক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত একটি বৈঠকের পর এই ঘোষণা করা হয়। বিশ্ব ফুটবলে শাসনব্যবস্থাকে ঢেলে সাজানোর ও ইনফান্তিনোর পদত্যাগের দাবি – এই যৌথ প্রস্তাব আসার পর ফিফা নেতৃত্ব তড়িঘড়ি মাঠে নেমেছে। বিতর্কের শুরু হয়েছিল ইনফান্তিনোর একটি প্রস্তাবকে ঘিরে। তিনি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নাম একটি সংস্থা খুলে ফিফা বিশ্বকাপ থেকে আসা লাভের অংশ বিক্রির পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিশ্ব ফুটবলের নানা সংগঠন ও অংশীদারদের তীব্র বিরোধিতার মুখে পড়ে শেষ অবধি এই পরিকল্পনা বাতিল করে ফিফা।
এরপরই ফিফা জানিয়েছে, “প্রক্রিয়ায় যে ভুল হয়েছিল, তা আমরা স্বীকার করছি। আমাদের বিষয়টি আরও ভালোভাবে পরিচালনা করা উচিত ছিল।” ফিফা আরও জানিয়েছে, এই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে নানা দেশের ফুটবল সংস্থার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে যেমন ক্ষমা চাওয়া হয়েছে, তেমনই ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয়, সেই প্রতিশ্রুতিও দিয়েছে ফিফা।
বিতর্কের পরেও ফিফা জানিয়েছে, সভাপতি ইনফান্তিনোর প্রতি শীর্ষ নেতৃত্ব পূর্ণ সমর্থন করছে। এছাড়াও ফিফা বলেছে, এই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করা হল। ফিফা জানিয়েছে, “এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। ভবিষ্যতে এই ধরণের পরিস্থিতি এড়াতে কাজের পদ্ধতি আরও উন্নত করা হবে।” যদিও এরপরেও সমালোচনা অব্যাহত। ইউরোপের বিভিন্ন শীর্ষ লিগের সংগঠন, যার নাম অ্যাসোসিয়েশন অফ ইউরোপিয়ান গিগস, যার সদস্য প্রিমিয়ার লিগ, লা লিগার মতো প্রতিযোগিতার শীর্ষ নেতৃত্ব, তারা এই প্রস্তাবকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছে। তবে ফিফার এই ক্ষমা চাওয়ার ফলে এবার সংস্থাগুলো কী চায়, সেদিকেই নজর থাকবে সবার।