
কলকাতা : ফিফা বিশ্বকাপ ২০২৬ এ ভারতের খেলার স্বপ্ন আজও অধরা। তবে বিশ্বের ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ভারতের প্রতিনিধি দেখা যাচ্ছে। ১১ জুন থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের বিভিন্ন দেশের জার্সিতে মাঠে নামছেন ভারতীয় বংশোদ্ভূত ৪ ফুটবলার। এঁরা ভারতের প্রতিনিধিত্ব করায় বিশ্বকাপে না থেকেও প্রবলভাবে আছে ভারত।
সরপ্রীত সিং- (নিউজিল্যান্ড)
২৭ বছর বয়সী সরপ্রীত সিং নিউজিল্যান্ডের একজন মিডফিল্ডার। তাঁর পরিবারের সঙ্গে নাড়ির টান ভারতের। ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে তাঁর পরিবার এলেও সরপ্রীতের নিজের জন্ম ও বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। গত ৮ বছর ধরে তিনি কিউই দলের গুরুত্বপূর্ণ সদস্য। ইউরোপিয়ান ফুটবলের মধ্যে নিজের শিল্পের পরিচয় দিয়েছেন তিনি। বিশ্বের অন্যতম সেরা ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুর্দান্ত বল-কন্ট্রোল, নিখুঁত পাসিং, আক্রমণাত্মক মানসিকতার জন্য তিনি নিউজিল্যান্ড দলের অন্যতম ভরসা।
তাহসিন মহম্মদ জামশিদ (কাতার) –
মাত্র ২০ বছর বয়সেই কাতারের ফুটবলে অন্যতম উদীয়মান তারকা হিসেবে পরিচিতি পেয়েছেন তাহসিন মহম্মদ জামশিদ। তাঁর বাবা-মায়ের আদি নিবাস ভারতের কেরলম। ফলে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছেও তিনি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। কাতার স্টারস লিগে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে অন্যতম তিনি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার পর ক্রীড়া মহল থেকে বিভিন্ন স্তর – সর্বত্রই তাঁকে নিয়ে আশাবাদী লোকেরা। এখন থেকেই বলা হচ্ছে, তিনি কাতারের ভবিষ্যৎ তারকা।
নিশান ভেলুপিল্লাই (অস্ট্রেলিয়া)-
অস্ট্রেলিয়ার হয়ে খেলেন নিশান ভেলুপিল্লাই। উইঙ্গার ও স্ট্রাইকার – দুই ভূমিকাতেই সমানে দক্ষ তিনি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার জার্সিতে ৮ আন্তর্জাতিক ম্যাচে ৩ গোল করেছেন। তাঁর বাবা শশীনাথ ভেলুপিল্লাইয়ের শিকড় শ্রীলঙ্কান-তামিল সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, তাঁর মা অ্যাংলো-ইন্ডিয়ান বংশোদ্ভূত। গতি, ড্রিবলিং, দক্ষতা ও গোল করার ক্ষমতার জন্য তিনি অস্ট্রেলিয়ার অ্যাটাকের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন।
স্যামুয়েল মুথুস্বামী (কঙ্গো) –
ডিফেন্সিভ মিডফিল্ডার স্যামুয়েল মুথুস্বামী বিশ্বকাপ ২০২৬-এ কঙ্গোর হয়ে খেলছেন। ইতিমধ্যেই পর্তুগালের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাঁর মা কঙ্গোর ও বাবা তামিল বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। কঙ্গোর হয়ে ইতিমধ্যেই ৬০টির কাছাকাছি ম্যাচ খেলেছেন তিনি। মাঝমাঠে বল দখল, প্রতিপক্ষের আক্রমণ ভাঙা ও রক্ষণভাগকে শক্তিশালী করার পিছনে তাঁর অভিজ্ঞতা দরকার কঙ্গোর।
ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। তবে ভারতীয় দল না থাকলেও এই ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের উপস্থিতি ভারতীয় সমর্থকদের মন কাড়বে। খেলোয়াড়রা যতই নিজের দেশের হয়ে খেলুন না কেন, মনে পুলক লাগবে ভারতীয়দেরই। একই সঙ্গে নজর থাকবে বিশ্বের তাবড় তাবড় ম্যাচউইনারদের দিকেও।