Belgium Football Rising Star: তরুণ প্রতিভাকে ঘিরে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বেলজিয়াম

Charles De Ketelaere: বেলজিয়ামের এই তরুণ তুর্কি হতে পারতেন টেনিস তারকা, কিংবা আইনজীবি! হয়ে গেলেন ফুটবলার।

Belgium Football Rising Star: তরুণ প্রতিভাকে ঘিরে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বেলজিয়াম
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 18, 2022 | 9:45 AM

ব্রাসেলস : ব্যালন ডি’অর অনুষ্ঠানে এ বার সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন থিবাউ কুর্তোয়া। পুরস্কার জেতার পর তাঁর মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। সেরা গোলরক্ষকের ট্রফি হাতে বললেন, ‘বিশ্বকাপ ট্রফি জিততে চাই’। কাতার বিশ্বকাপের আর মাস খানেক বাকি। বেলজিয়াম কতটা প্রস্তুত? ফিফা ক্রমতালিকায় শীর্ষস্থানেও পৌঁছেছিল বেলজিয়াম। এখন দ্বিতীয় স্থানে। আর যাই হোক ব়্যাঙ্কিং দিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2022) চ্যাম্পিয়ন হওয়া যায় না। বিশ্বকাপের মঞ্চে বেলজিয়ামের এখনও অবধি সেরা পারফরম্যান্স ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান। বেলজিয়ামের (Belgium) ‘গোল্ডেন’ জেনারেশন এ বারই হয়তো ইতি। তবে স্বপ্ন দেখাচ্ছেন তরুণ প্রতিভা চার্লস ডি কেটেরালে (Charles De Ketelaere)।

বেলজিয়ামের এই তরুণ তুর্কি হতে পারতেন টেনিস তারকা, কিংবা আইনজীবি! হয়ে গেলেন ফুটবলার। ২০০৮ সালে ক্লাব ব্রাগে সই করেন চার্লস। মাত্র ৭ বছর বয়সে। টেনিসেও আগ্রহ ছিল। বেছে নেন ফুটবলকেই। শুধুমাত্র ফুটবল মাঠেই নজর কাড়ছেন তা নয়। তাঁর বুদ্ধিদীপ্ত, হিসেবি ফুটবলের কারণ আরও একটা রয়েছে। জেন্ট ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়েছেন চার্লস। ক্লাব ফুটবলে খেলেন এসি মিলানে। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের পাশাপাশি সিনিয়র স্তরে খেলেছেন ১০ ম্যাচে। এ বার বিশ্বকাপেও অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন কেটেরালে।

কেটেরালের উপর প্রত্যাশা জন্মানোর নানা কারণও রয়েছে। বেলজিয়ামের তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইন এর আগে বলেছিলেন, তাঁদের দল আগের মতো আর শক্তিশালী নয়। তবে কেটেরালে যদি ভরসা দিতে পারেন! ভয়ডরহীন ফুটবল ধরনে ক্লাবের হয়ে ইতিমধ্যেই ধারাবাহিকতা দেখাচ্ছেন। কাতার বিশ্বকাপে বেলজিয়ামের ভরসা হয়ে উঠতে পারেন কেটেরালে। তাঁর কাছে হয়তো বিশ্বকাপের মতো মঞ্চে নামার জন্য সময় খুবই কম! তাঁর খেলার ধরণ অবশ্য প্রশংসা কুড়িয়ে নিয়েছে। ক্লাবে ১০ নম্বর জার্সিতে খেলেন। জাতীয় দলে কখনও স্ট্রাইকার, আবার উইংয়েও খেলেছেন। তাঁর বিশেষত্ব গেম রিডিং। ট্যাকটিকাল বোঝাপড়া দুর্দান্ত। ডি ব্রুইনের মতো ফুটবলার না হলেও অনেকটা মিল রয়েছে। ডি ব্রুইন-কেটেরালে এক সঙ্গে খেললে ম্যাচের রং বদলে দিতে পারেন। ড্রিবলিংয়ে অনবদ্য। আর তাঁর পাসিংয়ের দক্ষতা প্রতিপক্ষতে ধাঁধায় ফেলতে বাধ্য। কারণ, পরমুহূর্তে কী করতে চলেছেন, প্রতিপক্ষের বোঝার সুযোগ থাকে না। গোল করার দক্ষতাও রয়েছে। ক্লাব ব্রাগের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ১৮ গোল করেছেন। আন্তর্জাতিক স্তরে অভিজ্ঞতা বাড়লে, সেই ঘাটতিও পূরণ করে ফেলবেন। এমন প্রত্যাশাই বেলজিয়ান শিবিরে।

Follow Us