
ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স চূড়ান্ত হতাশার চলছিল। গত মরসুমে অবশ্য় পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছিল। কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। টানা আটটি ডার্বি হারের পর অবশেষে ডার্বি জয়ের স্বাদ পেয়েছিল। দীর্ঘ এক যুগ পর সর্বভারতীয় স্তরে ট্রফিও জিতেছিল ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তেমনই ডুরান্ড কাপে রানার্স। ইন্ডিয়ান সুপার লিগে আগের মরসুমগুলির তুলনায় বেশি ম্যাচ জিতেছে। আগামী মরসুমের জন্য তাই আরও ভালো ভাবে দল গুছিয়ে নিতে মরিয়া লাল-হলুদ শিবির।
গত মরসুমে স্প্যানিশ কোচের বাছাই করা ডিফেন্ডার হিজাজি মাহের চোখ ধাঁধানো পারফর্ম করেছেন। ডিফেন্ডার হলেও গোল ভালো চেনেন। আক্রমণ ভাগকে সাহায্য করেছেন। বেশ কিছু গোলও করেছেন। তাঁকে নতুন মরসুমেও পাবে ইস্টবেঙ্গল। তেমনই অন্য বিদেশিও নজর কেড়েছেন। আগামী মরসুমে যাতে পারফরম্যান্স গ্রাফ উর্ধ্বমুখী করা যায় সেদিকেই নজর ইস্টবেঙ্গলের।
হিজাজি মাহের, সাউল ক্রেসপো, ক্লেটন সিলভা আর মাদিহ তালাল চার বিদেশি আগেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এ বার সরকারি ভাবে সাউল ক্রেসপোর চুক্তি বাড়ানো হল। ইমামি ইস্টবেঙ্গেলের তরফে এক প্রেস বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, আরও দু-বছরের জন্য চুক্তি নবীকরণ হয়েছে ক্রেসপোর। ইস্টবেঙ্গলেই থাকতে পেরে উচ্ছ্বসিত ক্রেসপো বলছেন, ‘লাল-হলুদ জার্সিতে সফর জারি রাখতে পারব। খুবই ভালো লাগছে। ইস্টবেঙ্গল আর আমার কাছে টিম নয়, একটা পরিবার। সমর্থকদের প্রচুর ভালোবাসা পেয়েছি। ওদের কাছে আমি কৃতজ্ঞ।’
🤙👀🔜 pic.twitter.com/kRWYYub10h
— East Bengal FC (@eastbengal_fc) June 11, 2024