Gianni Infantino: বিশ্বকাপের মঞ্চ থেকে রাষ্ট্রসংঘ? ইনফান্তিনোকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা!

Donald Trump: স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালেও আলোচনার কেন্দ্রে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনো। ট্রাম্প মেরিন ওয়ান হেলিকপ্টারে করে স্টেডিয়ামে পৌঁছন ও ইনফান্তিনোর সঙ্গে ভিআইপি সিট থেকে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

Gianni Infantino: বিশ্বকাপের মঞ্চ থেকে রাষ্ট্রসংঘ? ইনফান্তিনোকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা!
ট্রাম্প ও ইনফান্তিনোImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 22, 2026 | 4:37 PM

আমেরিকা: বিশ্বকাপ শেষ। বেশ কিছু বিতর্ক থাকলেও অবশেষে সফলভাবেই বিশ্বকাপ আয়োজন করেছে আমেরিকা, বলাই যায়। তারই পুরস্কার হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সহায়তায় বড় সাফল্য পেতে পারেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ট্রাম্প চান, ইনফান্তিনো যেন জাতিসংঘের (ইউনাইটেড নেশন্স) পরবর্তী মহাসচিব হন। নিউ ইয়র্ক পোস্ট-এর একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে ইনফান্তিনোর ভূমিকা দেখে মুগ্ধ হয়েছেন ট্রাম্প। তাঁর বিশ্বাস, সুইস ফুটবল প্রশাসকের এমন নেতৃত্বগুণ ও দক্ষতা রয়েছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে বাঁধতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হচ্ছে। তাঁর উত্তরসূরি হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একজন শক্তিশালী প্রার্থী হতে পারেন বলে মনে করেন ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ট একটি সূত্র অনুযায়ী জানানো হয়েছে, বিশ্বজুড়ে সবাই ইনফান্তিনোকে সম্মান করেন। তবে ট্রাম্প আদৌ এ বিষয়ে তাঁর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন কিনা বা আদৌ ইনফান্তিনো নিজে আগ্রহী কিনা, তা জানতে পারা যায়নি।

উল্লেখ্য, জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে গেলে প্রার্থীকে প্রথমে ১৫ সদস্যের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হবে। সেখানে পাঁচটি স্থায়ী সদস্য দেশের ভেটো ক্ষমতা রয়েছে। সেই ধাপ পেরনোর পরেই প্রার্থীর নাম জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রতিবেদনে এও জানানো হয়েছে, চলতি বছরের ফিফা বিশ্বকাপ চলাকালীন একসঙ্গে কাজ করার সময় জিয়ান্নি ইনফান্তিনো ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এর পাশাপাশি দাবি করা হয়েছে, টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পকে অন্তর্ভুক্ত করতে ইনফান্তিনো বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। গত ডিসেম্বরে তিনি ট্রাম্পের হাতেই ফিফার প্রথম ‘পিস প্রাইজ’ তুলে দিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, স্পেন ও আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফাইনালেও আলোচনার কেন্দ্রে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনো। ট্রাম্প মেরিন ওয়ান হেলিকপ্টারে করে স্টেডিয়ামে পৌঁছন ও ইনফান্তিনোর সঙ্গে ভিআইপি সিট থেকে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপভোগ করেন। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে ট্রাম্পকে দেখানো হলে দর্শকরা তাঁকে বু বা দুয়ো দেন। এমনকি বিশ্বকাপে ট্রফি দেওয়া নিয়ে বিতর্ক বেড়ে যায়। ট্রাম্প কেন বিশ্বকাপের ট্রফি দিয়েও দাঁড়িয়ে ছিলেন, এই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।

Follow Us