
কলকাতা: সদ্যই শুরু হয়েছে কলকাতা লিগ। জয় দিয়ে যাত্রা শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড। তবে এর মধ্যেও রয়েছে দুশ্চিন্তা। কারণ, ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামির সঙ্গে দলের প্রায় বিচ্ছেদ ঘটেই গিয়েছে। সূত্রের খবর, আগামী মরশুমে আর ইমামি ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে ইচ্ছুক নয়। তবে ২৫ জুলাই থেকে শুরু হয়ে যাবে ডুরান্ড কাপ। এবার মরশুমের প্রথম টুর্নামেন্টের দল গঠনের জন্যই আবার নতুন খেলোয়াড়কে নিল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। নতুন ডিফেন্ডার নাচো মন্সালভেসকে সই করিয়েছে ক্লাব। শোনা গিয়েছে, কেভিন সিবিয়ের বদলে নাচোকে দলে নেওয়া হয়েছে। তিনি স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড়।
২০১৬ সালে এটিএম-এ খেলেছিলেন নাচো। আসলে তিনি ছিলেন সিমিওনের দলের অ্যাকাডেমির খেলোয়াড়। তবে সিনিয়র দলে খেলেছিলেন মাত্র ১ ম্যাচই। অ্যাটলেটিকো ছাড়ার পর তিনি যান দেপোর্তিভো লা করুনা-তে। তবে যাঁর জায়গায় তিনি আসছেন, সেই কেভিন গত মরশুমে ইস্টবেঙ্গলকে সাফল্য দিয়েছিলেন। তাঁর দল ছাড়ার পর লাল হলুদের ডিফেন্সের অসহায়তা কাটানোর জন্যই নাচো যোগ দিলেন দলে।
২০০৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন নাচো। ইয়ুথ দল থেকে ধীরে ধীরে সিনিয়র দলের দিকে পা বাড়ালেও সিনিয়র দলে খুব একটা স্থায়ী হয়নি তাঁর কেরিয়ার। এরপর স্পেন ছেড়ে পোল্যান্ড, নেদারল্যান্ডস, বুলগেরিয়ার পর তিনি আবার ফেরেন স্পেনে। এবার সেখান থেকেই ফ্রি এজেন্ট হিসেবে তাঁর আগমন হচ্ছে কলকাতায়। তবে কেভিনের জায়গা তিনি কতটা ভরাট করতে পারেন, সেই দিকেই নজর থাকবে লাল-হলুদ সমর্থকদের।