
আমেরিকা : ২০২২ সালের মতো এবারেও চমক দেখিয়েছিল মরক্কো (Morocco)। টানা দুই বার অঘটন ঘটিয়ে উঠে গিয়েছিল বিশ্বকাপের (FIFA World Cup 2026) কোয়ার্টার ফাইনালে। কিন্তু এবারও তাদের সামনে ছিল ফ্রান্স (France)। সেই ফ্রান্স, যারা গত বিশ্বকাপেও ঘরে ফেরার টিকিট ধরিয়েছিল হাকিমিদের (Achraf Hakimi)। এবারেও তার অন্যথা হল না। কিলিয়ান এমবাপের (Kyllian Mbappe) ঔজ্জ্বল্যে ফিকে হয়ে গেল ইয়াসিন বোনো (Iyasin Bono), ব্রাহিম ডিয়াজদের (Brahim Diaz) লড়াই। দুই বিশ্বকাপেই ফ্রান্সের কাছে ২-০ হেরে বিদায় নিল এই আফ্রিকান জায়ান্ট দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ করা শুরু করেছিল ফ্রান্স। এমবাপে, ডুয়েদের মুহুর্মুহু আক্রমণে বারবার দিশেহারা দেখাচ্ছিল মরক্কোর ডিফেন্সকে। ২৪ মিনিটের মাথায় এমবাপেকে ফাউল করে বসেন মাজরাই। পেনাল্টি দিতে দ্বিধা করেননি আর্জেন্টাইন রেফারি। তবে পেনাল্টি মিস করলেন রিয়াল মাদ্রিদ তারকা। ইয়াসিন বোনো সঠিক অনুমান করে আটকে দিলেন পেনাল্টি। এরপরেও চেষ্টা করতেই থাকেন ডেম্বেলেরা। কিন্তু গোল আর আসে নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও ভয়ঙ্কর লাগতে শুরু করে ফ্রান্সকে। একের পর এক আক্রমণ করতে থাকেন ফ্রান্সের অ্যাটাক বিভাগ। ৬০ মিনিটের মাথায় অবশেষে ‘ডেডলক’ ভেঙে ফ্রান্স। মরোক্কোর ৩ ডিফেন্ডার থাকা সত্ত্বেও বক্সের বাইরে থেকে দুরন্ত বাঁক খাওয়ানো শটে দুর্দান্ত এক গোল করলেন এমবাপে। এই নিয়ে চলতি বিশ্বকাপে ৮ ও কেরিয়ারে মোট ২০টি বিশ্বকাপ গোল হয়ে গেল তাঁর।
এর মিনিট পাঁচেকের মধ্যেই আবার গোল। এবার করলেন ডেম্বেলে। বক্সের বাইরে থেকেই জোরালো শটে বল জালে জড়িয়ে দেন এই পিএসজি-র তারকা। ফলে, ২-০ এগিয়ে যায় ফ্রান্স। এর পর আর ম্যাচে ফেরা সম্ভব ছিল না ফ্রান্সের জন্য। হলও তাই। গোটা ম্যাচে হাতেগোনা ক’টি আক্রমণ ছাড়া আর ফ্রান্সের বক্সে ঢুকতে পারেনি মরক্কো। ফলে, ২-০ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন হাকিমিরা।
এই ম্যাচে আজ দেখা গেল না মরক্কোর সেই তেজ। উল্টে শুরু থেকেই ফ্রান্সের আক্রমণে দিশেহারা হয়ে গিয়েছিল মরক্কোর ডিফেন্স। আজ ছিলেন না মরক্কোর স্ট্রাইকার ইসমাইল সাইবাড়ি। যদিও, এই বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন দিদিয়ের দেশঁ। তাঁর বদলে নতুন কোচ হতে পারেন জিনেদিন জিদান। তাই কি দেশঁর বিদায় আর একটু স্মরণীয় রাখতে বিশ্বকাপ জিততে চাইছেন ফ্রান্সের ফুটবলাররা ? বলা যায় না, যে ভয়ঙ্কর খেলছে ফ্রান্স, এদের বিশ্বকাপ জিততে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না।