
আমেরিকা : বিশ্বকাপ খেলার জন্য কম কষ্ট সহ্য করেনি ইরান (Iran)। মেক্সিকো (Mexico) থেকে একপ্রকার ডেলি প্যাসেঞ্জারি করে আমেরিকা (USA) এসেছেন ইরানের খেলোয়াড়রা। তারপর ম্যাচ খেলে আবার রিটার্ন যেতে হয়েছে তাঁদের। কিন্তু তারপরেও শেষ মুহূর্তের ভুলে স্বপ্নভঙ্গ হল ইরানের। ৯৩ মিনিটের গোল হতেই উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন সমর্থক ও ফুটবলাররা। তবে কী, ঘটবে অঘটন? কিন্তু না। ভার (VAR) চেক করে অফসাইড জানালেন রেফারি। তারপরেই যেন মাঠ জুড়ে বিষাদের সুর। কেউ ভাঙলেন কান্নায়, কেউ প্রকাশ্যে না কাঁদলেও চোখে দেখা গেল জল। মিশরের (Egypt) বিরুদ্ধে ১-১ ড্র করে এখনও বিশ্বকাপের নক আউট থেকে অনিশ্চিত ইরান। উল্টোদিকে, রাউন্ড অফ ৩২ এ উঠে গেলেন সালাহরা (Mo Salah)।
The points are shared between Egypt and IR Iran 🤝#FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) June 27, 2026
ম্যাচের ৫ মিনিটেই গোলের খাতা খুলে দেয় মিশর। মাহমুদ সাবের গোল করে এগিয়ে দেন মমি-প্রধান এই দেশকে। ১০ মিনিটে পেনাল্টি মিস করেন ইরানের তারেমি। ১৪ মিনিটে রামিন রেজালেনের গোলে সমতা ফেরায় ইরান। এরপরে দুই দল চেষ্টা করে গেলেও কোনও লাভ হয়নি। গোলমুখ আর খুলতে পারেননি কেউই। তবে ৯৩ মিনিটে সাঈদ এজাতোলাহি গোল করে এগিয়ে দেন ইরানকে। কিন্তু ভার চেক করে রেফারি জানান, এটি গোল হয়নি। অফসাইডের কারণে বাতিল এই গোল। এর ঠিক কিছুক্ষন পরে বল লাগে ক্রসবারে। তারপরেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে দেন। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ইরানের ফুটবলারকে। কেউ কেউ হতাশ হয়ে তাকিয়ে ছিলেন। এখনও রাউন্ড অফ ৩২ এ যাওয়া নিশ্চিত নয় ইরানের। উল্টোদিকে, ১৯৩৪ সাল থেকে বিশ্বকাপে অংশ নেওয়ার পরেও এই প্রথমবার নক আউট খেলবে মিশর। ৯২ বছর পর নক আউটে সুযোগ পেল মিশর। তবে নক আউট খেলতে ইরানকে এখন তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।