
বারাসত: বেশি নয়, প্রায় তিন সপ্তাহ আগেই ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে ৪-১ গোলে হেরেছে মোহনবাগান। সেই ম্যাচ নিয়ে এখনও কথা হয় বাগান সমর্থকদের মধ্যে। কেন সেই ম্যাচ হারতে হয়েছিল, তার ময়নাতদন্ত করতে এসে উঠে আসে অনেক কথাই। কিন্তু আজকের ম্যাচ তো আলাদা। দুই দলই ইতিমধ্যে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। আজকের ম্যাচ যেই জিতুক, তার সঙ্গে লিগের কোনও সম্পর্ক নেই কারণ এই ম্যাচে জেতা পয়েন্ট সুপার সিক্সের সঙ্গে যোগ হবে না। কিন্তু মোহনবাগানের কাছে তো এই ম্যাচ যত না খেতাবি লড়াই, তার থেকে কয়েকশো গুণ বেশি আত্মসম্মানের, মর্যাদার। কারণ এই ম্যাচ জিতলে অন্তত একটু হলেও তো ৪-১ হারের ক্ষতে প্রলেপ দেওয়া যাবে।
এমনিতেও এই ম্যাচ নিয়ে অনেক আশাবাদী বারাসাত স্টেডিয়াম কর্তৃপক্ষ, কারণ ৮ বছর পর কোনও ম্যাচ হচ্ছে বারাসাত স্টেডিয়ামে। যেহেতু এই ম্যাচ ডার্বি, তাই এই ম্যাচ নিয়ে কোনও রকম ছেলেখেলা করতে রাজি নয় প্রশাসন। ম্যাচের নিরাপত্তায় থাকছে ১১০০ জন পুলিশ কর্মী, এর সঙ্গে থাকছেন প্রায় ৬ জন অ্যাডিশনাল এসপি। শোনা গিয়েছে, অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হবে মাঠের বাইরে।
দর্শকদের জন্য নিয়ম-
আজকের ম্যাচ নিয়ে বিশেষ প্রস্তুতি নিয়েছে পুলিশ। গতকাল, রবিবারই সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
১- ম্যাচ শুরু বিকেল ৫টায়। দুপুর ৩টে থেকেই কার্যকর হবে নিরাপত্তা বলয়।
২- দুই দলের সমর্থকদের জন্য থাকছে আলাদা আলাদা করে মাঠে ঢোকার ব্যবস্থা। প্রথমে হবে টিকিট পরীক্ষা। সেই টিকিট পরীক্ষা করেই দর্শকরা কোন ব্লকে যাবেন, তা জানানো হবে। এরপর হবে সবার ব্যাগ তল্লাশি। এর পরে আয়োজকদের তরফে কিউআর কোড স্ক্যান করে মাঠে ঢুকতে দেওয়া হবে।
৩- মাঠে জলের বোতল, ব্যাগ, ছাতা নিয়ে ঢোকা যাবে না। শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হবে। দুই দলের জন্য যেমন থাকছে আলাদা আলাদা পার্কিং, তেমন থাকছে মোট ৬টি গেট, যার মধ্যে ২টি বিশেষ কারণের জন্য খোলা হবে।
এর পাশাপাশি বারাসাত এলাকাতে বিকেল ৩টের পর থেকে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে। এমনকি বারাসাত স্টেডিয়ামের সামনে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে। এই ম্যাচের জন্য প্রায় ১০ হাজার টিকিট ছাড়া হলেও এই ম্যাচ নিয়ে উত্তেজনায় ফুটছে দুই প্রধানের সমর্থকরা। দিন কয়েক আগেই লাল-হলুদের কাছে বিধ্বস্ত হতে হয়েছিল মোহনবাগানকে। আজকে আপুইয়ারা জিতলে একটু হলেও সেই দুঃখ প্রশমন হবে। যতই হোক, ডার্বি তো!