Lionel Messi: কেপ ভার্দেকে হারিয়ে রেকর্ডবুকে লিওনেল মেসি, ২০ নম্বর গোল পেলেন ফুটবলের রাজপুত্র!

Argentina Football Team: বিশ্বকাপ ২০২৬ এ একের পর এক রেকর্ড গড়ছেন লিওনেল মেসি। প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন তিনি। ইতিমধ্যেই বিশ্বকাপে ৭ গোল করে তিনি গোল্ডেন বুট পাওয়ার প্রবল দাবিদার। তবে, পিছনে নেই ফ্রান্সের কিলিয়ান এমবাপেও।

Lionel Messi: কেপ ভার্দেকে হারিয়ে রেকর্ডবুকে লিওনেল মেসি, ২০ নম্বর গোল পেলেন ফুটবলের রাজপুত্র!
মেসি ও ভোজিনহাImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 05, 2026 | 10:18 AM

মায়ামি : রাউন্ড অফ ৩২ এ শনিবার কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ১৬তে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দে দুরন্ত খেলেও পরাস্ত হয়েছে। তবে এই ম্যাচেও গোল করেছেন লিওনেল মেসি। এই গোলের পাশাপাশি একগুচ্ছ রেকর্ড গড়েছেন মেসি। কেপ ভার্দেও লড়াই করেছে কিন্তু আর্জেন্টিনার অভিজ্ঞতার কাছে বশ্যতা স্বীকার করতে হয়েছে তাদের।

শনিবার একটিই গোল করেছেন মেসি। এর ফলে কেরিয়ারে মোট ২০টি বিশ্বকাপ গোল হয়ে গেল মেসির। ইতিমধ্যেই তিনি পুরুষদের বিশ্বকাপে সবথেকে বেশি গোল করার তালিকায় এক নম্বরে। একই সঙ্গে টানা দুই বিশ্বকাপে সাত বা ততোধিক গোলও করেছেন মেসি। এই বিশ্বকাপে ইতিমধ্যেই ৭ গোল হয়ে গিয়েছে তাঁর। তালিকার দ্বিতীয় নম্বরে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তিনি করেছেন ৬ গোল। আর আর একটি গোল করলেই মেসিকে ছুঁয়ে ফেলবেন এমবাপে।

এর পাশাপাশি, প্রথম ফুটবলার হিসেবে পরপর ৮ ম্যাচে গোল করেছেন মেসি। বিশ্বকাপে এই অনন্য রেকর্ড কারও নেই। এর পাশাপাশি টানা ৫টি বিশ্বকাপ নক আউট ম্যাচেও গোল করেছেন মেসি। বিশ্বকাপের নক আউট ম্যাচেও ১২টি গোলের রেকর্ড গড়লেন তিনি। এর মধ্যে ৬টি তিনি নিজে করেছেন, ৬টি অ্যাসিস্টও করেছেন তিনি। এই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। তাঁর কথায়,”আমরা গর্বিত কারণ আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছি।” মেসির দলের বিরুদ্ধে লড়ে হারার পর বললেন ভোজিনহা।

আর্জেন্টিনার আগামী ম্যাচ মিশরের বিরুদ্ধে। সেই ম্যাচে আর্জেন্টিনা দল কেমন খেলে ও আবার কোন রেকর্ড ভেঙে কোন নয়া রেকর্ড মেসি গড়েন, সেটাই দেখতে ইচ্ছুক ক্রীড়ামহল।

Follow Us