
আমেরিকা : ধীরেধীরে আরও ইন্টারেস্টিং হচ্ছে বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ইতিমধ্যেই বিদায় নিয়েছে জার্মানি (Germany), নেদারল্যান্ডস (Netherlands), আইভরি কোস্টের (Ivory Coast) মতো বড় দল। জার্মানির বিদায় আমাদের যতটা অবাক করেছে, তেমনই অবাক করছে কিলিয়ান এমবাপের (Kyllian Mbappe) ফর্ম। বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এক নম্বরে যৌথভাবে মেসির (Lionel Messi) সঙ্গে রয়েছেন তিনি। তবে আসল চমক দেখাচ্ছে কেপ ভার্দে (Cabo Verde)।
এই বিশ্বকাপে একপ্রকার রূপকথা লিখছে এই ৫ লক্ষ জনবসতির দেশটি। প্রথমবার বিশ্বকাপ প্রতিযোগিতায় সুযোগ পেয়েই প্রথমবার নক আউট পর্বে খেলছে কেপ ভার্দে। এবার তাদের প্রতিপক্ষ গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের বিচারে অনেক পিছিয়ে কেপ ভার্দে। কিন্তু এই মুহূর্তেও সাফল্যের স্টিয়ারিং থেকে হাত সরাচ্ছে না তাদের ফুটবলাররা।
ম্যাচের আগেই আর্জেন্টিনাকে সতর্ক করে দিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। তাঁর কথায়,“আমরা খেলতে নামার আগে সত্যিই ভাবিনি, আমরা এতদূর পৌঁছে যাব। কিন্তু আমরা ভেবেছিলাম, একটা ম্যাচেও জিতব না। সেটা যেমন মিলে গিয়েছে, তেমন আমরা কিন্তু একটা ম্যাচেও হারিনি। আর্জেন্টিনা, মেসির বিরুদ্ধে খেলা আমাদের স্বপ্ন। আমরা কিন্তু এখানে ড্র করতে আসিনি। জিততে চাই। আগে পারিনি মানেই যে পরেও পারব না, তা বলা যায় না। আমরা জিততেই মাঠে নামব।” তাঁরই সঙ্গে এবার আরও প্রত্যয়ী কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তিনি ঘোষণা করেছেন, তাঁর দল আর্জেন্টিনাকে হারানোর ক্ষমতা রাখে।
সম্প্রতি বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নেভেস বলেছেন,“আমার বিশ্বাস কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ হারিয়ে দেবে। আমাদের প্রতি সবার প্রত্যাশা কম। হয়ত সেই কারণেই আমাদের জয়ের ইচ্ছা বেশি। আমরা সবসময় চাই দেশের মানুষকে চমকে দিতে। আর্জেন্টিনার বিরুদ্ধে আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ।”
এর পাশাপাশি আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার আগে মেসিকে বিশেষ সম্মান জানাবে কেপ ভার্দে। প্রেসিডেন্ট জানিয়েছেন, ম্যাচের আগে নিজেদের ১০ নম্বর জার্সি মেসিকে উপহার দিতে চান নেভেস। মেসির প্রশংসা করে তিনি বলেছেন,“মেসি একজন বিশ্বমানের ফুটবলার। ওঁর সঙ্গে খেলতে পারা আমাদের সৌভাগ্য। মেসি আমাদের দেশে খুব সন্মানিত একজন। আমরা চাই, মেসিকে একটি ১০ নম্বরের জার্সি উপহার দিতে। কেপ ভার্দের সেই জার্সিতে মেসির নাম থাকবে।”
আগামী ৪ জুলাই, ভারতীয় সময় ভোর সাড়ে ৩টে নাগাদ মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মায়ামি স্টেডিয়াম আবার লিও মেসির ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠ, ফলে একধাপ এগিয়ে মাঠে নামবেন মেসিরা , আশা করা হচ্ছে ফুটবলমহলে।