
কলকাতা : বিশ্বকাপের আগেই ফুটবলের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এই নিয়মগুলো কার্যকর করা হবে এই মরশুম থেকেই। তবে শোনা গিয়েছে, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে এই নিয়মগুলো প্রথম ব্যবহার করা হবে। ফিফার প্রাক্তন রেফারি ও বর্তমান রেফারি সংস্থার প্রধান পিয়েরলুইজি কলিনা জানিয়েছেন,”ফিফা বিশ্বকাপ ২০২৬ এ এই নিয়মগুলো প্রথম ব্যবহার করা হচ্ছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল সময় অপচয় বন্ধ করা, খেলার গতি বাড়ানো ও মানের উন্নতি ঘটানো।”
কী কী নিয়ম পরিবর্তন হচ্ছে?
১ – মাঠের মধ্যে যদি কোনও উত্তপ্ত পরিস্থিতিতে কোনও খেলোয়াড় নিজের মুখকে আড়াল করে ধরেন, তাহলে তাঁকে সোজাসুজি লাল কার্ড দেখানো হবে। তবে যদি বিপক্ষের কোনও খেলোয়াড় নিজের বন্ধু বা ক্লাবের পুরোনো সতীর্থ হন, তখন তাঁর সঙ্গে মুখ চেপে কথা বললে কোনও শাস্তি দেওয়া হবে না।
২ – রেফারির কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোনও খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান, তবে তাঁকে লাল কার্ড দেখানো হবে। যদি দলের কোনও কর্মকর্তা বা কোচ খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যাওয়ার ক্ষেত্রে প্ররোচনা দেন, তবে তাঁর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কোনও দলের সব খেলোয়াড়রা যদি এভাবে মাঠ ছেড়ে বেরিয়ে যায়, তবে বিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে।
৩ – রেফারিরা এবার থেকে থ্রো-ইন ও গোল কিক নেওয়ার ক্ষেত্রে ৫ সেকেন্ডের কাউন্টডাইন করবেন। এর মধ্যে থ্রো না নিলে বিপক্ষ দল থ্রো ইন পাবেন। যদি ৫ সেকেন্ডের মধ্যে গোল কিক না নেওয়া হয়, তাহলে বিপক্ষ দলকে কর্নার দেওয়া হবে।
৪ – মাঠে যদি কোনও খেলাৰ পরিবর্তন করার বোর্ড দেখানো হয়, তাহলে সেই বোর্ড দেখানোর মধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। যদি মাঠ থেকে তিনি না বের হন, তাহলে পরিবর্তিত খেলোয়াড়কে অন্তত ১ মিনিট অপেক্ষা করতে হবে বা যতক্ষণ বল মাঠের বাইরে যাচ্ছে, ততক্ষন তিনি নামতে পারবেন না।
৫ – কোনও খেলোয়াড়কে চিকিৎসা করার জন্য যদি মেডিক্যাল স্টাফ মাঠে প্রবেশ করে, তবে চিকিৎসা শেষে খেলা শুরু হওয়ার পর ওই খেলোয়াড়কে অন্তত ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। একমাত্র ব্যতিক্রম গোলকিপারের চোট।
৬ – ভার প্রটোকল – এবার থেকে ভার নিম্নলিখিত বিষয়গুলিতেও হস্তক্ষেপ করতে পারবে। যেমন – কোনও খেলোয়াড়কে ভুল শাস্তি দিলে, কোনও খেলোয়াড়কে হলুদের বদলে সরাসরি লাল কার্ড দিলে ও ভুল কর্নার কিক দিলে এবার থেকে ভার ব্যবহার করা যাবে।
৭ – প্রতি অর্ধে ম্যাচ চলাকালীন ৩ মিনিটের একটি জল খাওয়ার বিরতি থাকবে দুই দলের জন্য। সাধারণত অর্ধের মাঝামাঝি সময়ে এই বিরতি দেওয়া হবে।
আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এই প্রথমবার বিশ্বকাপ খেলবে ৪৮টি দেশ। আমেরিকা, মেক্সিকো, কানাডাতে এই বিশ্বকাপ শুরু হবে। তবে তার আগেই কলিনার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সমর্থকরা।