FIFA World Cup Result, France vs Iraq: ৪ ঘণ্টার ‘ম্যারাথন’ ম্যাচ! জোড়া গোলে মেসির রেকর্ডের পথে এমবাপে!

Kyllian Mbappe: জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। তার সুবাদেই বিশ্বকাপে ১৬ গোল হয়ে গেল তাঁর। টপকে গেলেন ব্রাজিলের রোনাল্ডোকে, ছুঁলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে। কিছু ঘন্টা আগেই ক্লোজের রেকর্ড ভেঙে দিয়েছেন তাঁর একসময়ের সতীর্থ লিওনেল মেসি, এবার মেসিকে তাড়া করছেন এই রিয়াল মাদ্রিদ তারকাও।

FIFA World Cup Result, France vs Iraq: ৪ ঘণ্টার ‘ম্যারাথন’ ম্যাচ! জোড়া গোলে মেসির রেকর্ডের পথে এমবাপে!
দুরন্ত এমবাপে-ডেম্বেলে জুটি।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 23, 2026 | 9:56 AM

ফ্রান্স – ৩ (এমবাপে ২, ডেম্বেলে) : ইরাক – ০ 

ফিলাডেলফিয়া : একটা ফুটবল ম্যাচ কতক্ষন হয়? দেড় ঘন্টা? বিরতির সময় ধরে দুই ঘন্টা? কিন্তু একটা বিশ্বকাপের (FIFA World Cup 2026) ম্যাচ শেষ হতে হতে যদি ৪ ঘন্টা লাগে, তা দেখে অবাক হতে হয় বৈকি। ফ্রান্স বনাম ইরাক (France vs Iraq) ম্যাচের রেজাল্ট নয়, এই ম্যাচ নিয়ে আলোচনার কেন্দ্রে একটা জিনিসই। ফিলাডেলফিয়ার (Philadelphia) আবহাওয়া। ভারতীয় সময় রাত আড়াইটে নাগাদ শুরু হওয়া ম্যাচ শেষ হওয়ার কথা ছিল ভোর সাড়ে চারটে নাগাদ। কিন্তু তা শেষ হল সকাল সাড়ে ছটায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বারবার ম্যাচে এমন প্রভাব ফেলল, যে খেলা বারবার বন্ধ করতে হল এবং এর ফলেই এই ম্যাচ হয়ে দাঁড়াল ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘতম ম্যাচ।

তবে একদিকে যেমন আকাশে ঝড়-বৃষ্টি, তেমন মাঠেও গোলের বৃষ্টি ঘটাল ফ্রান্স। ইরাককে ৩-০ উড়িয়ে দিয়ে রাউন্ড অফ ৩২ এ উঠে গেলেন ডেম্বেলেরা। জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। তার সুবাদেই বিশ্বকাপে ১৬ গোল হয়ে গেল তাঁর। টপকে গেলেন ব্রাজিলের রোনাল্ডোকে, ছুঁলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে। কিছু ঘন্টা আগেই ক্লোজের রেকর্ড ভেঙে দিয়েছেন তাঁর একসময়ের সতীর্থ লিওনেল মেসি, এবার মেসিকে তাড়া করছেন এই রিয়াল মাদ্রিদ তারকাও।

ম্যাচের ১৪ মিনিটেই প্রথম গোল পায় ফ্রান্স। প্রায় ২১ মিটার দূর থেকে মারা জোরালো শটে লক্ষ্যভেদ করেন কিলিয়ান এমবাপে। এই গোলের ফলেই ১৫তম গোল করে রোনাল্ডোকে ছুঁলেন এমবাপে। এরপরেও ফ্রান্স ক্রমাগত আক্রমণ করতে থাকে কিন্তু ইরাকের ডিফেন্স ভাঙা সহজ ছিল না। প্রথমার্ধের শেষের দিকে শুরু হয় ভারী বৃষ্টিপাত। তাই দর্শকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ আমেরিকার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে ঝড় বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হলে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করতে হবে। বৃষ্টি থামার ৩০ মিনিট পর অপেক্ষা করতে হবে। তার মধ্যে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ শুরু না হলে খেলা শুরু হবে। যদি আবার প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়, আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এই কারণেই প্রায় আড়াই ঘন্টা পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ৫৪ মিনিটে ডেম্বেলের পাস থেকে দ্বিতীয় গোল করেন এমবাপে। এর কিছুক্ষন পরেই একটুর জন্য গোল মিস করেন মাইকেল ওলিসে। তবে তাঁর বাড়ানো বল থেকেই ৬৬ মিনিটে গোল করে স্কোরবোর্ডে নিজের নাম তোলেন গতবছরের ব্যালন ডি অর বিজেতা উসমান ডেম্বেলে।

এই জয়ের ফলে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ এ জায়গা করে নিল ফ্রান্স। আগামী ২৭ জুন, তাদের বিপক্ষে নামবে আর্লিং হাল্যান্ডের দল নরওয়ে। আজ সকালের ম্যাচে নরওয়েও হারিয়ে দিয়েছে সেনেগালকে। ফলে গ্ৰুপ আই থেকে রাউন্ড অফ ৩২ এর জন্য কোয়ালিফাই করল দুটি দল – ফ্রান্স ও নরওয়ে। ফলে ২৭ জুনের ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে স্রেফ নিয়মরক্ষার। কিন্তু এই ম্যাচে আরও ২ গোল করে এমবাপে মেসির রেকর্ড ছুঁতে পারেন কিনা, সেদিকে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।

Follow Us