
নয়াদিল্লি : ফিফা আসিয়ান কাপ ২০২৬ থেকে সরে দাঁড়িয়ে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে হাইপ্রোফাইল প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতের বদলে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত বাংলাদেশের। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার ফলে ফেডারেশনের উপর কোনও রকম আর্থিক জরিমানা জারি করেছে ফিফা – এমন দাবিকেও সরাসরি খারিজ করে দিয়েছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। আজ ব্রাজিলের একটি পরিদর্শক দল এসে সবকিছু তদারকি করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, আসিয়ান কাপ চলবে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। দুটি ইভেন্ট যেহেতু একই সময় হবে, তাই আসিয়ান কাপ থেকে নাম তুলে নেয় ভারত। এই সিদ্ধান্তের পর থেকেই ভারতীয় ফুটবল মহলে তীব্র বিতর্ক শুরু হয় – প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ছেড়ে প্রীতি ম্যাচ খেলা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন ওঠে।
তীব্র বিতর্কের জবাবে এআইএফএফ জানিয়েছে, যাবতীয় ঠিক প্রক্রিয়ার মাধ্যমে ব্রাজিল ম্যাচের অনুমোদন দেওয়া হয়েছে। ফেডারেশনের বক্তব্য,“৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই ম্যাচটি জাতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। ব্রাজিলের মতো বিশ্বমানের দলের বিরুদ্ধে ভারতের খেলা হলে ভারতীয় ফুটবলাররা একদিকে যেমন অনেক কিছু শেখার সুযোগ পাবেন, তেমনই সমর্থকরাও তাঁদের প্রিয় ফুটবলারদের চোখের সামনে থেকে দেখার সুযোগ পাবেন।” ফেডারেশন আরও স্পষ্ট করে জানিয়েছে, এটি কেবল একটি প্রীতি ম্যাচ নয়। এটি দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরির একটি সুযোগ বলা যায়।
আসিয়ান কাপ থেকে সরে যাওয়ার কারণে ফেডারেশনকে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে – এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে এআইএফএফ। এক বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, টুর্নামেন্ট না খেলার জন্য নির্ধারিত কোনও আর্থিক জরিমানা হওয়ার একটি মিথ্যা দাবি করা হচ্ছে। কোনও প্রমাণ ছাড়া এমন অপপ্রচারের ফলে ফেডারেশনের মান ক্ষুণ্ণ হচ্ছে বলেও জানিয়েছে তারা। তাই এই ফেক নিউজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফেডারেশন। তারা বলেছে, যদি কেউ কোনও প্রকার ফেক নিউজ ছড়ান, তাহলে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নিতে পিছপা হবে না ফেডারেশন।