
কলকাতা: রাজ্যের মতোই আইএসএলের (Indian Super League) টেবিলেও পালাবদল ঘটে গিয়েছে। এই মুহূর্তে আইএসএলের শীর্ষে ইস্টবেঙ্গল (East Bengal FC)। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপারজায়েন্ট (Mohunbagan Supergiant) বর্তমানে তৃতীয় স্থানে। আগের ম্যাচ অর্থাৎ নর্থইস্ট ম্যাচে গুয়াহাটিতে বাগান জিতলেও সেই ম্যাচে খেলতে দেখা যায়নি আলবার্তো রদ্রিগেজ ও আপুইয়াকে। কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আপুইয়াকে নিয়ে স্বস্তিতে বাগান শিবির।
আজ সকালেই গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে মোহনবাগান। তবে সূত্রের খবর, আপুইয়াকে হয়ত ৯০ মিনিট নাও খেলতে পারেন বাগান কোচ সের্জিও লোবেরা। প্রায় দুই সপ্তাহ পর আবার আইএসএলের ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তার মধ্যেই ঘটছে লিগ টেবিলে বদল। স্বাভাবিক ভাবে, দলকে নিয়ে চিন্তিত বাগান কোচ। এর মধ্যে ১০ দিন পর ডার্বি ম্যাচ থাকলেও সেই ম্যাচ নিয়ে এখনই ভাবতে চান না তিনি। ডার্বির আগে ওই ম্যাচ নিয়ে বিন্দুমাত্র আগ্রহী নন লোবেরা। ডার্বির আগে আরও দুটি ম্যাচ খেলবে সবুজ-মেরুন। সেই ম্যাচগুলি নিয়েই ভাবছেন বাগান কোচ। আগের ম্যাচে বৃষ্টিস্নাত গুয়াহাটি স্টেডিয়ামে ১-০ গোলে এগিয়ে থাকলেও বাগানের চিন্তা ছিল চোট। খুব একটা অসুবিধে না হলেও বৃষ্টির জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে দুই দল। এমনকি প্রায় ৪৫ মিনিট খেলা বন্ধ ছিল। যদিও, আপুইয়া বা রদ্রিগেজকে পাওয়ার পর বাগানের মাঝমাঠ ও রক্ষণের শক্তিবৃদ্ধি হবে আশা করাই যায়।
এই মুহূর্তে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে জামশেদপুর। তিন নম্বরে রয়েছে মোহনবাগান। তাদের সংগ্রহীত পয়েন্ট ২০। আগামী শনিবার অর্থাৎ ৯ মে, বিকেল ৫টা নাগাদ গোয়ার বিরুদ্ধে ফতোরদা স্টেডিয়ামে নামবে বাগান। সেই ম্যাচ যেমন জিততে হবে, তেমন বাকি ম্যাচগুলোতেও পয়েন্ট নষ্ট করা চলবে না দলের, মানছেন বাগান কোচ সের্জিও লোবেরা।