FIFA World Cup, Spain: ইয়ামাল ফিরলেন, জয়ও ফিরল স্পেন শিবিরে! সৌদিকে উড়িয়ে ছন্দে লা রোজারা!

Lamin Yamal: গোল করে ইয়ামাল হয়ে গেলেন বিশ্বকাপে স্পেনের ইতিহাসের দ্বিতীয় সবথেকে কমবয়সী গোলদাতা। প্রথম? গাবি, যিনি বার্সেলোনা ও স্পেন - দুই দলেই ইয়ামালের সতীর্থ। তিনি গোল করেছিলেন ২০২২ সালে, কোস্টা রিকার বিরুদ্ধে।

FIFA World Cup, Spain: ইয়ামাল ফিরলেন, জয়ও ফিরল স্পেন শিবিরে! সৌদিকে উড়িয়ে ছন্দে লা রোজারা!
গোল পেলেন ইয়ামাল।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 22, 2026 | 10:11 AM

স্পেন – ৪ (ইয়ামাল, ওয়েরজাবাল ২, আল্টামবাকতি আত্মঘাতী) : সৌদি আরব –

 

আটলান্টা : গত ম্যাচে কেপ ভার্দের (Cabo Verde) বিরুদ্ধে ০-০ ড্র করার পর কম সমালোচনা হয়নি এই স্পেনকে (Spain) নিয়ে। ২০১০ সালের চ্যাম্পিয়নদের এমন খারাপ অবস্থা দেখে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু, দ্বিতীয় ম্যাচেই যাবতীয় বিতর্কের অবসান ঘটাল স্প্যানিশরা। সৌদি আরবকে (Saudi Arabia) ৪-০ উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) এ প্রথম জয় পেল স্পেন। লামিন ইয়ামাল (Lamine Yamal) ফিরতেই ছন্দে এল স্প্যানিশ ব্রিগেড। একই সঙ্গে ভাল খেললেন মিকেল ওয়েরজাবালও (Mikel Oyarzabal)। ফল? সৌদির বিরুদ্ধে দুরন্ত জয়।

চোটের কারণে প্রথম ম্যাচে শুরু থেকে খেলেননি ইয়ামাল। কিন্তু সৌদির বিরুদ্ধে তাঁকে দলে রেখেছিলেন কোচ লুই দে লা ফুয়েন্তে। ১০ মিনিটের মাথায় গোল করে ফেললেন ইয়ামাল। একই সঙ্গে হয়ে গেলেন স্পেনের ইতিহাসের দ্বিতীয় সবথেকে কমবয়সী গোলদাতা। প্রথম? গাবি, যিনি বার্সেলোনা ও স্পেন – দুই দলেই ইয়ামালের সতীর্থ। তিনি গোল করেছিলেন ২০২২ সালে, কোস্টা রিকার বিরুদ্ধে। এবার তাঁকেও ছাপিয়ে গেলেন লামিন।

২১ ও ২৪ মিনিটে আবার গোল করেন ওয়েরজাবাল। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা। ৪৯ মিনিটে কর্নার থেকে নিজের গোলেই ভুল করে বল ঢুকিয়ে দেন সৌদির ডিফেন্ডার হাসান আল্টামবাকতি। এরপরে আর উঠতে পারত না সৌদি আরব। হলও তাই। ৪ গোল খেলেই যাবতীয় শক্তি ফুরিয়ে গেল সৌদির। পরে একটি গোল বাতিলও হল স্পেনের। নাহলে ৫-০ জিতে মাঠ ছাড়তেন ফেরান তোরেসরা।

এই সৌদি আরবই গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। ১-০ পিছিয়ে থেকে ১-২ ফলে জেতে সৌদি। তবে এবার আর অঘটন হল না। এই জয়ের ফলে স্পেন এখন গ্ৰুপ এইচ-এর শীর্ষে। দুইয়ে রয়েছে উরুগুয়ে। স্পেনের শেষ ৩২ এর লড়াইতে যাওয়া প্রায় নিশ্চিত, এবার দেখার, উরুগুয়ে স্পেনকে হারিয়ে চমক দিতে পারে কি না।

Follow Us