Jamshedpur FC: আইএসএল থেকে সরে দাঁড়াল জামশেদপুর, টাটাকে আবেগঘন বার্তা সুনীল ছেত্রীর!

ISL 2026-27: ২০১৭ সালে প্রথমবার আইএসএলে খেলেছিল জামশেদপুর। ২০২২-এ তারা লিগ শিল্ড জিতেছিল। কিন্তু বেশ কয়েক মাস ধরেই ভারতীয় ফুটবলে অচলাবস্থা। অনেক নাটকের পর অবশেষে আইএসএল এই সিজনে হতে চলেছে।

Jamshedpur FC: আইএসএল থেকে সরে দাঁড়াল জামশেদপুর, টাটাকে আবেগঘন বার্তা সুনীল ছেত্রীর!
সুনীল ছেত্রীImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 03, 2026 | 11:37 AM

জামশেদপুর : দিন দুয়েক আগেই আইএসএল থেকে নিজেদের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আইএসএল ক্লাব জামশেদপুর এফসি। এর ফলে একদিকে যেমন বিপাকে পড়েছেন ফুটবলাররা, তেমনই দুশ্চিন্তায় জামশেদপুরের সমর্থকরাও। এবার তাঁদের পাশে দাঁড়ালেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী।

গতকালই একটি ভিডিও বার্তায় দলের ফুটবলাররা জানিয়েছিলেন, যেভাবে তাদের অজান্তেই ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে, তাতে তাঁরা মর্মাহত, দুঃখিত, হতাশ, ক্ষুব্ধ। এমনকি ক্লাব যেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে, এমন অনুরোধও করেছিলেন ফুটবলাররা। সোশ্যাল মিডিয়াতে সুনীল ছেত্রী লিখেছেন, “জামশেদপুর এফসির মতো ক্লাব দল তুলে নিচ্ছে, এটা একপ্রকার পেটে ঘুষি মারার মতো। আচমকাই সব ফুটবলাররা ও সাপোর্ট স্টাফরা বেকার, কর্মহীন হয়ে পড়লেন। হয়ত তাঁরা শেষ পর্যন্ত ক্লাব পেয়ে যাবেন। কিন্তু এতে বিপর্যয় ভারতীয় ফুটবলের। একটা ক্লাব কমে গেল। কিন্তু ভারতীয় ফুটবলের সেরা লিগে টাটার কোনও ক্লাব নেই, এটা বিপর্যয়ের সমান।”

সুনীলের কথায়,“ভারতীয় ফুটবলে অংশীদার হওয়া এখন খুব কঠিন। এই সাহসটা সবার দরকার। চারপাশে সবকিছু ভেঙে পড়ার আগে সবাই নিজের পরিবারের উপর ভরসা করে, আশ্বাসন চায়। আর সেই পরিবার ছিলেন আপনারা। আমি জানি, অনেক সময় ব্যবসার কথা ভেবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তবু, টাটা গ্ৰুপকে আমি অনুরোধ করব, শুধু লাভ-লোকসানের দিকটি না ভেবে মানবিক হয়ে ভারতীয় ফুটবলের কথা ভাবুন।”

২০১৭ সালে প্রথমবার আইএসএলে খেলেছিল জামশেদপুর। ২০২২-এ তারা লিগ শিল্ড জিতেছিল। কিন্তু বেশ কয়েক মাস ধরেই ভারতীয় ফুটবলে অচলাবস্থা। অনেক নাটকের পর অবশেষে আইএসএল এই সিজনে হতে চলেছে। তবে এবার জামশেদপুরের এই সিদ্ধান্তে হতবাক সকলেই। সেই কারণে ফুটবলার, সমর্থকদের সঙ্গে চিন্তিত ভারতীয় ফুটবলের গোটও।

Loading...
Unable to load recommendations.
Follow Us