India vs Uruguay: ব্রাজিলের পর কলকাতায় খেলবে নুনেজ, ভালভার্দের উরুগুয়ে, টিভি৯ বাংলার অনুষ্ঠানে ঘোষণা ক্রীড়ামন্ত্রীর!

Indranil Khan: ব্রাজিল ম্যাচ নিশ্চিত হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল, ভারতে খেলতে আসতে পারে কেপ ভার্দে। কিন্তু সূত্রের খবর, আর ভারতে এসে খেলা হচ্ছে না ভোজিনহাদের। তবে দিন দু'য়েক আগে জানা গিয়েছিল, ভারতে ব্লু টাইগার্সদের বিরুদ্ধে খেলতে আসছে পানামা।

India vs Uruguay: ব্রাজিলের পর কলকাতায় খেলবে নুনেজ, ভালভার্দের উরুগুয়ে, টিভি৯ বাংলার অনুষ্ঠানে ঘোষণা ক্রীড়ামন্ত্রীর!
ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও ভালভার্দে!Image Credit source: Getty Images, TV9 Bangla

| Edited By: Moumita Das

Aug 27, 2026 | 7:12 PM

কলকাতা : আগেই শোনা গিয়েছিল সুখবর। ৩ অক্টোবর কলকাতায় খেলতে আসছে ব্রাজিলের ফুটবল দল। ভারতের বিরুদ্ধে যুবভারতীতে খেলবেন ভিনিসিয়াস-গ্যাব্রিয়েল মার্গেলহাসরা। তবে এর মধ্যে আরও এক সুখবর রয়েছে ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য। আজ, বৃহস্পতিবার টিভি৯ বাংলার কনক্লেভে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ঘোষণা করলেন, ভারতের বিরুদ্ধে খেলতে আসছে উরুগুয়ে। অর্থাৎ, কলকাতায় খেলতে দেখা যাবে ডারউইন নুনেজ, ফ্রেডরিকো ভালভের্দেদের।

ব্রাজিল ম্যাচ নিশ্চিত হওয়ার পর থেকেই শোনা গিয়েছিল, ভারতে খেলতে আসতে পারে কেপ ভার্দে। কিন্তু সূত্রের খবর, আর ভারতে এসে খেলা হচ্ছে না ভোজিনহাদের। তবে দিন দু’য়েক আগে জানা গিয়েছিল, ভারতে ব্লু টাইগার্সদের বিরুদ্ধে খেলতে আসছে পানামা। ২৬ সেপ্টেম্বর এই ফিফা ফ্রেন্ডলি অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। তবে এবার জানা গেল, উরুগুয়ে খেলবে ভারতের বিরুদ্ধে। আগামী ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে কলকাতায় খেলবে ভারতের ফুটবল দল।

আজ টিভি৯ বাংলার মঞ্চ থেকেই ক্রীড়ামন্ত্রী বলেন, “আমি আজ এই মঞ্চ থেকেই একটা জিনিস জানিয়ে দিই। এতদিন জানা ছিল, ভারতে খেলতে আসছে ব্রাজিল। এর মধ্যে আরও একটা খবর এসে গিয়েছে। ভারতে খেলতে আসছে উরুগুয়ে। আগামী ৬ অক্টোবর কলকাতায় ম্যাচ।” এমনকি ভারতের ফুটবল নিয়েও কথা বললেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তাঁর কথায়, “আমার একটা স্বপ্ন যে ভারতের জার্সি পরে একদিন বাঙালি ফুটবলাররা বিশ্বকাপে খেলবে। গ্লোবাল ফুটবলে ভারতের এক্সপোজার দরকার। বড় বড় ফুটবল খেলিয়ে দেশের বিরুদ্ধে খেললে আমাদের মধ্যে স্বপ্ন দেখার সাহস হবে। আমরা যে বিশ্বমানের ফুটবল খেলতে পারি, এটা আমাদের বোঝা উচিত।”

মাঝে শোনা গিয়েছিল, নিউজিল্যান্ডও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে। ২০২৬ বিশ্বকাপেই খেলেছে নিউজিল্যান্ডের ফুটবল দল। এবার তারা খেলতে আসছে ভারতের বিরুদ্ধে। তবে সেই ম্যাচটি কোথায় ও কবে হবে, এখনও তেমন কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে ব্রাজিল, পানামা, উরুগুয়ে, নিউজিল্যান্ড – এত বড় বড় দেশগুলির বিরুদ্ধে খেলবে ভারত, এর ফলে ভারতের ফুটবলারদের অভিজ্ঞতা যে বাড়বে, তা বলাই বাহুল্য।

Loading...
Unable to load recommendations.
Follow Us