Vaibhav Suryavanshi: ‘গত ৪ মাসে অনেক উত্থান-পতন এসেছে…’, ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বৈভব সূর্যবংশী!

England vs India: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ইনিংসে তিনি করেন ১৪, ১৩, ১৫ রান। ভারত সিরিজটি ০-৪ ব্যবধানে হেরে যায়। বিশেষ করে ইংল্যান্ডের পেস বোলার জোফ্রা আর্চারের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হন বৈভব। তবে ৪ মাস আগে অনুর্ধ্ব১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

Vaibhav Suryavanshi: গত ৪ মাসে অনেক উত্থান-পতন এসেছে..., ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বৈভব সূর্যবংশী!
বৈভব সূর্যবংশীImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jul 22, 2026 | 6:54 PM

কলকাতা : মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা বৈভব সূর্যবংশী স্বীকার করে নিয়েছেন, গত কয়েক মাসে তাঁর ক্রিকেটজীবনে অনেক উত্থান-পতন হয়েছে। তবে তিনি মনে করেন, এটাই ক্রিকেটের স্বাভাবিক অংশ। এবার জিম্বাবোয়ে সিরিজের আগে মুখ খুললেন এই তরুণ ওপেনার। বৃহস্পতিবার থেকে হারারেতে শুরু হচ্ছে ভারত ও জিম্বাবোয়ের ৩ ম্যাচের টি২০ সিরিজ। ইংল্যান্ড সফরে সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটে হতাশাজনক অভিষেকের পর এই সিরিজে সুযোগ পেতে চলেছেন বৈভব।

গত চার মাস নিয়ে বৈভবের মত,”গত ৪ মাসে জীবনে অনেক পরিবর্তন হয়েছে। তবে এটাই ক্রিকেটের অংশ, জীবনে এমনটা চলতেই থাকবে। আমি একই প্রক্রিয়া অনুসরণ করব ও দলের জন্য ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করব। গতবার এখানে খেলে উইকেট ও পরিস্থিতি সম্পর্কে ভাল ধারণা পেয়েছি। ম্যাচে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভাল পারফর্ম করার চেষ্টা করব। এই মাঠে আমি দুটি ম্যাচ খেলেছি ও দুটি ম্যাচেই রান পেয়েছি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

BCCI.TV তে এক সাক্ষাৎকারে বৈভব বলেন, “হারারে আমার কাছে খুব স্মরণীয় একটা মাঠ। ৪ মাস আগে এখানেই আমরা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিলাম। ভারতের হয়ে খেলার স্বপ্ন সবার থাকে। তাই আবার দেশের জার্সিতে খেলতে পারাটা আমার কাছে বিশেষ অনুভূতি। যে মাঠে আমরা ইতিহাস তৈরী করেছি, সেখানে আবার ফেরা খুব তাৎপর্যপূর্ণ। আমরা এই মুহূর্তটা উপভোগ করতে চাই।”

জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দর রাজা বৈভবের সমালোচনা না করার আবেদন জানিয়েছেন। তাঁর মতে, বৈভব একটি প্রজন্মের সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারেন। তাঁর কথায়,“বৈভব অসাধারণ প্রতিভাবান ক্রিকেটার। মাত্র ১৫ বছর বয়সে যদি কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলে, তাহলে মাত্র ২-৩টি ম্যাচের ভিত্তিতে তার সমালোচনা করা উচিত না। ওর পাশে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। ওকে সঠিকভাবে পরিচালনা ও সাহায্য করলে ও এক প্রজন্মের সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারে। মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক – খুব একটা সহজ নয়। বৈভব সত্যিই বিস্ময় প্রতিভা।”

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ইনিংসে তিনি করেন ১৪, ১৩, ১৫ রান। ভারত সিরিজটি ০-৪ ব্যবধানে হেরে যায়। বিশেষ করে ইংল্যান্ডের পেস বোলার জোফ্রা আর্চারের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হন বৈভব। তবে ৪ মাস আগে অনুর্ধ্ব১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন বৈভব। তাঁর সৌজন্যেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে এবারও কি সেই পয়া হারারেতে ফর্মে ফিরবেন এই বিহারের কিশোর? জানা যাবে আগামীকাল, বৃহস্পতিবার।

Follow Us