
কলকাতা : আবার বিতর্কের কেন্দ্রে ভারতীয় কুস্তি (Wrestling Federation) । আবার বিতর্কের কেন্দ্রে বিনেশ ফোগট (Vinesh Phogat)। দিন কয়েক আগেই তাঁকে নিয়ে বিতর্ক হয়েছিল এশিয়ান গেমসে (Asian Games) নামার আগে। আগেই জানা গিয়েছিল, এশিয়ান গেমসে নামতে পারবেন না তিনি। এবার আবার ধাক্কায় একপ্রকার শেষ তাঁর আন্তর্জাতিক মঞ্চের কামব্যাক। এরফলে ন্যাশনাল ওপেন র্যাঙ্কিং গেমসে (National Open Ranking Games) নামতে পারবেন না বিনেশ, জানিয়ে দিয়েছে ভারতীয় কুস্তির ফেডারেশন।
উত্তরপ্রদেশের গোন্ডায় আগামীকাল অর্থাৎ ১০ মে থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে আগামী ১২ মে পর্যন্ত। এই টুর্নামেন্টে বিনেশের নামার প্রধান কারণ ছিল, আগামী অলিম্পিকে প্রত্যাবর্তন। কিন্তু সেই আশা শেষ। ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে একটি ১৫ পাতার নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে লেখা রয়েছে, তিনি শৃঙ্খলা ভেঙেছেন, ডোপ বিরোধী আইনের লঙ্ঘন করেছেন। তাঁর ফলে ভারতীয় কুস্তির ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই আগামী ২৬ জুন পর্যন্ত তাঁকে সব ধরণের প্রতিযোগিতা থেকে ব্যান করল ফেডারেশন। ফেডারেশন বলেছে, অবসর ভেঙে কেউ আবার ম্যাটে ফিরতে চাইলে তাঁকে অ্যান্টি-ডোপিং আইন অনুযায়ী অন্তত ৬ মাস আগে জানাতে হবে। এছাড়াও প্যারিস অলিম্পিকে ওজন সংক্রান্ত কারণে তাঁর বাতিল হয়ে যাওয়া ও তারপর অবসর নিয়ে নেওয়া এক বিতর্কের জন্ম দিয়েছিল। ২০২৪ সালের ১১ মার্চ পাতিয়ালায় জাতীয় সিলেকশনের ট্রায়ালে ৫০ ও ৫৩ – দুই বিভাগে অংশগ্রহণ করেছিলেন বিনেশ। সেই ঘটনা নিয়েও তাঁর কাছে জবাবদিহি চেয়েছে ফেডারেশন।
অবশ্য ফেডারেশনের সঙ্গে বিনেশের সংঘাত নতুন নয়। বেশ কয়েক বছর আগে ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ভারতীয় কুস্তিগিররা। সেই ঘটনা নিয়ে প্রবল হইচই হয়েছিল। এমনকি, নিজেদের পদক বিসর্জনের দাবিও জানিয়েছিলেন কুস্তিগিররা। দিন কয়েক আগে বিনেশ জানিয়েছিলেন, ব্রিজভূষণের যৌন হেনস্থার শিকার তিনিও। বর্তমানে ফেডারেশনের সভাপতি সঞ্জয় কুমার সিং, যিনি ছিলেন ব্রিজভূষণের ছায়াসঙ্গী। তাহলে তিনিই কি অজ্ঞাতপরিচয় কারও নির্দেশে শেষ করে দিচ্ছেন বিনেশের কামব্যাকের ইচ্ছে? এই প্রশ্নের মুখে ফেডারেশন।