
নয়াদিল্লি : দিল্লি প্রিমিয়ার লিগে দেব চৌধুরী নামে একজন ক্রিকেটারের নিউ দিল্লি টাইগার্স দলে খেলা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। এর ফলে খেলোয়াড় বাছাইয়ের নিয়ম নিয়ে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে ব্যাপক ট্রোল করা হচ্ছে সমাজমাধ্যমে। এই মুহূর্তে দিল্লি প্রিমিয়ার লিগে সবচেয়ে শেষ পজিশনে রয়েছে নিউ দিল্লি টাইগার্স। গ্রুপে ১০ ম্যাচ খেলে ১টি ম্যাচে জিতেছে এই দল। তার সঙ্গে যোগ হয়েছে দেব চৌধুরীর ব্যাটিং ও ফিল্ডিংয়ের ভাইরাল ভিডিও। ওপেনার হিসেবে মাত্র ২ ম্যাচ খেলেছেন দেব। একটিতে করেছেন ২ বলে ০ ও অন্য ম্যাচে ২৪ বলে ১৬ রান।
এর মধ্যে দ্বিতীয় ইনিংস নিয়েই যাবতীয় চর্চা। কারণ, তাঁর ব্যাটিং স্টান্স ছিল অনেকটা বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার স্টিভ স্মিথের মতো। কিন্তু, স্মিথের মতো ব্যাট করতে একদমই পারেননি দেব। এমনকি পাওয়ার প্লেতে একজন স্পিনারের বিরুদ্ধেও তিনি ৫টি ডট বল খেলেন। এর পরেই প্রশ্ন ওঠে, যে ব্যাটে বল লাগাতে গিয়ে হিমশিম খায়, সে কিভাবে দিল্লি প্রিমিয়ার লিগে খেলছে?
This fraud Dev Chaudhary can’t even hold bat properly but he is still playing in Delhi premier league 😭🤣
– look at the non striker reaction 😂😭 pic.twitter.com/qyj1UKi0bm
— JB (@93Yorker) August 25, 2026
বাছাইয়ের নিয়ম –
এই মরশুমে ডিপিএল প্রতি ফ্র্যাঞ্চাইজিকে নিলামের বাইরে থেকে ৩ জনকে নেওয়ার অনুমতি নেয়। একটিই শর্ত ছিল, তাদের অন্তত ৫টি ডিডিসিএ লিগ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। ডিডিসিএ-র অ্যাপেক্স কাউন্সিলের একাধিক সদস্য আগেই এই নিয়মের বিরোধিতা করেছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, এর ফলে অনেক অযোগ্য খেলোয়াড়রা সুযোগ পাবে।
কে এই দেব চৌধুরী?
দিল্লি অনুর্ধ্ব ১৯-এর ট্রায়ালে অংশ নেওয়া দেব চৌধুরীর ক্রিকেট কেরিয়ার সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না। তবে তিনি ভারতীয় পেসার প্রিন্স যাদবের সঙ্গে খেলতেন। ক্লাবের এক সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “প্রাক্তন ক্রিকেটার প্রদীপ সাংওয়ানের সুপারিশে ও আমাদের ক্লাবে খেলতে আসে। ওকে মাত্র ২টো ম্যাচে খেলানো হয় ও তারপরেই ক্লাবের এক কর্তা ওর বাবাকে ফোন করে বলেন, ‘দয়া করে আপনার ছেলেকে আর খেলতে পাঠাবেন না। ও ক্লাবে খেলার উপযুক্ত নয়।’ দেবকে খেলতে দেখে আমরা সত্যিই হতবাক।”
কিছু সূত্রের দ্বারা এমনও শোনা গিয়েছে, এই ক্লাবের মালিকের সঙ্গে দেবের বাবা খুব ঘনিষ্ঠ। তাই বাবার সুপারিশেই ছেলেকে দলে নেওয়া হয়েছে। এই ক্লাবের কোচ বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।