
বার্মিংহ্যামে : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) অভিযানের শুরুতেই মুখোমুখি হচ্ছে দুই যুযুধান, ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। এই মেগা ম্যাচের আগে নিয়মমাফিক সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন দুই দেশের অধিনায়ক – হরমনপ্ৰীত কৌর (Harmanpreet Kaur) ও পাকিস্তানের ফতিমা সানা (Fatima Sana)। হাইভোল্টেজ ম্যাচের আগে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠবে, তা আশা করাই গিয়েছিল। তবে এই বছরের শুরুতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারত বনাম পাক ম্যাচে করমর্দন করেননি দুই দেশের অধিনায়ক, সূর্যকুমার যাদব ও সলমন আলী আগা। সেই একই দৃশ্য কি দেখা যাবে আজকের বার্মিংহ্যামে? এই প্রশ্ন শুনেই সাবধানী হরমন। সতর্কভাবে এড়িয়ে গেলেন এই বাউন্সার।
সাংবাদিক সম্মেলনে হরমন বলেন,“আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি এবং ক্রিকেট নিয়েই কথা বলব। খেলা ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে আমরা ভাবছি না। আগামীকালের ম্যাচটি আমাদের কাছে স্রেফ একটি সাধারণ ম্যাচ। যদিও, পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় চাপ অবশ্যই থাকবে। কিন্তু এই চাপ উপভোগ করে আমাদের কাজ। আমাদের লক্ষ্য মাঠে নেমে নিজেদের ১০০% দেওয়া।” ওয়ানডে ফরম্যাটে গতবছর চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের লক্ষ্য, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও ট্রফির স্বাদ পাওয়া। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন,“ছোটবেলায় যখন সমর্থক হিসেবে খেলা দেখতাম, তখনও এই চাপ অনুভব করতাম। এখন যেহেতু নিজেরা খেলি, তাই চাপ আরও বেশি। তবে যেহেতু আমরা দেশের হয়ে এতবড় মঞ্চে খেলার সুযোগ পাচ্ছি, তাই আমরা ভাগ্যবান। তাই এই চাপ সরিয়ে আমরা স্রেফ ভাল খেলতে চাই।”
দুই দেশের মহিলা দল একে অন্যের বিরুদ্ধে খেলেছে ১৬টি ম্যাচ। ১৩টি ম্যাচ জিতেছেন হরমনপ্ৰীতরা। ৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। ভারত এগিয়ে ৬-২ ব্যবধানে। ভারতের ছেলেদের দল তিনবার বিশ্বকাপ পেলেও একবারও ট্রফি জয়ের স্বাদ হয়নি ভারতের মেয়েদের। এই বার কি আরও একটি আইসিসি ট্রফি নিজেদের ক্যাবিনেটে ঢোকাতে পারবেন হরমনরা, সেদিকেই নজর থাকবে সবার।