
কলকাতা : বেশি নয়, মাস দুয়েক আগের কথা। গোটা দেশ-বিদেশে একটা নাম ছিল খুব চর্চিত। কেপ ভার্দে। সাড়ে ৫ লক্ষ জনসংখ্যার দেশটি এবারের ফুটবল বিশ্বকাপের সবচেয়ে আন্ডারডগ, চর্চিত দলগুলির মধ্যে একটি হয়ে উঠেছিল। রাতারাতি গোটা বিশ্বের কাছে পরিচিত হয়ে গিয়েছিলেন ৪০ বছর বয়সী একজন গোলকিপার, ভোজিনহা। টিভি৯ বাংলায় আগেই প্রকাশিত হয়েছিল, ব্রাজিলের মতো কেপ ভার্দেও ভারতে খেলতে আসতে পারে। এবার সেই খবরে অনেকটাই সিলমোহর পড়েছে বলে জানা গিয়েছে।
৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলতে কলকাতায় আসছে ব্রাজিল ফুটবল দল। যুবভারতী স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে কারণ ব্রাজিলের মতো দলকে খেলতে দেখা অনেক ভারতীয় ফুটবল সমর্থকের কাছেই স্বপ্ন। এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। গতকালই সোশ্যাল মিডিয়াতে ব্রাজিলের ফুটবল দলের পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে তাদের আগমনবার্তা। তার মধ্যেই শোনা গিয়েছে, এবার কেপ ভার্দেও আসবে ভারতে খেলতে। খুব সম্ভবত, ব্রাজিল ম্যাচের আগে বা পরেই হবে এই প্রীতি ম্যাচ। যদিও এই মুহূর্তে তারিখ বা ভেন্যু – কিছুই জানা যায়নি।
সূত্রের খবর, ইতিমধ্যেই কেপ ভার্দের সঙ্গে আলোচনা করেছে ফেডারেশন। এই ম্যাচটি ব্রাজিল ম্যাচের আগে বা পরে যেকোনও সময় হবে। তবে, দুর্গাপুজোর আগে ভারতীয় সমর্থককে জোড়া উপহার দিচ্ছে ফেডারেশন। খুব সম্ভবত, ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারত বনাম কেপ ভার্দে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩ তারিখ রয়েছে আবার ব্রাজিল ম্যাচ। তাই এই ম্যাচ কবে, কখন, কোথায় হতে চলেছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
এর পাশাপাশি, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে আসছেন ব্রাজিল দলের প্রতিনিধিরা। মাঠ পরিদর্শন করার পাশাপাশি কোথায় দল থাকবে, সেই বিষয়েই তদারকি করবেন তাঁরা। ব্রাজিল ম্যাচ নিয়ে খুব সতর্ক ফেডারেশন। মাস কয়েক আগে লিও মেসি কলকাতায় আসার পর কী ঘটেছিল, সেই বিষয়ে সবাই জানেন। তাই সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে খুব সতর্ক ফেডারেশন। শোনা গিয়েছে, ইতিমধ্যেই আইএফএ-র সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে মিটিং করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। দিন কয়েকের মধ্যেই ব্রাজিলের অফিশিয়ালরা কলকাতা আসবেন ম্যাচ আয়োজনের জন্য যাবতীয় ব্যবস্থাপনা দেখতে। তবে ভিনিসিয়াসদের আগমনদের মধ্যেই কেপ ভার্দের আসার খবরে উল্লসিত ফুটবল সমর্থকরা।