
কলকাতা: প্যারিস প্যারালিম্পিক (Paris Paralympics 2024) থেকে একের পর এক পদকে ভারতীয় অ্যাথলিটদের ঝুলি ভরছে। সোম-দুপুরে প্যারিস থেকে দেশকে রুপো এনে দিলেন ভারতীয় প্যারা ডিসকাস থ্রোয়ার যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)। প্যারিস প্যারা গেমসে পুরুষদের ডিসকাস থ্রো এর F56 বিভাগে তিনি নেমেছিলেন। টোকিও প্যারালিম্পিকে এই একই ইভেন্টে রুপো পেয়েছিলেন হরিয়ানার যোগেশ। এ বার তাঁর লক্ষ্য ছিল পদকের রং বদলানো। অল্পের জন্য তা পারলেন না।
এই মরসুমের সেরা থ্রো দিয়ে ফাইনাল শুরু করেন ভারতের যোগেশ কাঠুনিয়া। চেষ্টা ছিল তাঁর বাকি থ্রো-তে আরও ভালো করা। কিন্তু তিনি তা পারেননি। বরং এর পরের প্রতিটি থ্রো-তেই প্রথম বারের থেকে কম দূরত্ব স্পর্শ করেন তিনি।
প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের ডিসকাস থ্রো এর F56 বিভাগে যোগেশ কাঠুনিয়ার ৬ থ্রো কেমন ছিল?
টোকিও প্যারালিম্পিকে অবশ্য প্যারিসের থেকে বেশি থ্রো করে রুপো পেয়েছিলেন যোগেশ কাঠুনিয়া। তিনি টোকিওতে ৪৪.৩৮ মিটার থ্রো করেছিলেন। এ বার তার থেকে খানিক কম (৪২.২২ মিটার) থ্রো-তেও রুপোই পেয়েছেন তিনি। এখনও অবধি প্যারিস প্যারালিম্পিক থেকে ভারতে এসেছে মোট ৮টি পদক। তাতে রয়েছে ১টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ।
ভারতীয় প্যারা অ্যাথলিট দীপা মালিক এক্স হ্যান্ডেলে যোগেশ কাঠুনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। রিও প্যারালিম্পিকে শট পাটে রুপো পাওয়া দীপা লেখেন, ‘প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের ডিসকাস থ্রো F56 ইভেন্টে ৪২.২২ মিটার থ্রো করে রুপো পাওয়ায় যোগেশ কাঠুনিয়াকে অনেক অভিনন্দন। তোমার নিষ্ঠা ও স্পিরিটের জোরে তুমি দেশকে গর্বিত করেছো।’