
এত দিন Spotify ব্যবহার করছিলেন সম্পূর্ণ বিনামূল্যে, কী তাই তো? এবার কিন্তু ফ্রি-তে Spotify ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ করছে স্ট্রিমিং জায়ান্টটি। অর্থাৎ সব ফিচার্স সহযোগে Spotify ব্যবহার করতে প্রিমিয়াম সার্ভিসের শরণাপন্ন হতে হবে, খরচ করতে হবে কিছু টাকা।
ফ্রি Spotify ব্যবহারকারীরা এবার থেকে আর একটা নির্দিষ্ট অর্ডারে এখান থেকে গান চালাতে পারবেন না। সবথেকে বড় কথা হল, যে গানটা আপনার খুব মনে ধরেছে, সেটা যদি আর একবার শুনতে চান, তাহলেও সম্ভব হবে না। গানের রিপিটেশনের ক্ষেত্রেও পকেট থেকে কিছু খরচা করারই বন্দোবস্ত করেছে স্পটিফাই। কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবাররাই এই ফিচারটি এবার থেকে ব্যবহার করতে পারবেন। যদিও সুইডিশ স্ট্রিমিং প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে, ফ্রি ইউজাররা নিজেদের পছন্দের আর্টিস্ট, অ্যালবাম, প্লেলিস্ট থেকে গানের রেকমেন্ডশন পর্যন্ত আগের মতোই পেয়ে যাবেন।
2019 সালে লঞ্চের পর থেকেই ব্যবহারকারীদের এই সব ফিচারই ফ্রি-তে ব্যবহার করতে দিচ্ছিল Spotify। দেখতে দেখতে কেটে গিয়েছে চারটে বছর। গ্রাহক সংখ্যায় ফুলে ফেঁপে ঢোল হয়েছে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। টেকক্রাঞ্চের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, স্ট্রিমিংয়ের বাজার এখনও সে ভাবে ম্যাচিওর না হওয়ার কারণে বিনামূল্যে ব্যবহারযোগ্য কিছু ফিচার প্রিমিয়াম সেগমেন্টে ঢুকিয়ে দিতে চাইছে Spotify।
2023 সালের এপ্রিল মাসে Redseer-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ভারতের সবথেকে স্ট্রিম হওয়া প্ল্যাটফর্ম হল Spotify। এ দেশে তাদের মার্কেট শেয়ার 26%।
ভারতে Spotify-এর প্রিমিয়াম প্ল্যান
ভারতে Spotify-এর প্রিমিয়াম প্ল্যানের খরচ শুরু হচ্ছে দৈনিক 7 টাকা করে খরচে। সেই প্ল্যানে ব্যবহারকারীদের মোবাইলে অ্যাড-ফ্রি মিউজ়িক অফার করা হয়। পাশাপাশি এই প্ল্যানেই আপনি 30টা পর্যন্ত গান ডাউনলোড করতে পারবেন, তবে তা কেবলই একটা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে।
অন্য দিকে আবার Spotify-এর একটি মাসিক প্ল্যানও রয়েছে। সেই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতি মাসে 119 টাকা করে খরচ করতে হয়। এই পরিমাণ টাকা খরচ করে সর্বাধিক পাঁচটি পর্যন্ত ডিভাইসে 10,000টা গান ডাউনলোড করা যায়।