
বাঁকুড়া: ‘যে বুথে লিড পাবো, সেই বুথে জান লড়িয়ে দেব। যে বুথে পাবো না সেই বুথে আমি তো দূরস্ত, আমার দলের কোনও কর্মীকেও আসতে দেব না।’ প্রচারে বেড়িয়ে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের মন্তব্যে বিতর্ক। মঙ্গলবার বাঁকুড়ার ওন্দা ব্লকের নতুনগ্রাম এলাকায় প্রচারে যান সুজাতা মণ্ডল। অভিযোগ, গ্রামবাসীদের রীতিমতো হুমকির সুরে একথা বলেছেন সুজাতা।
‘যে বুথে বেশি লিড, সেই বুথে সাংসদ উন্নয়ন তহবিলের টাকার বেশি বরাদ্দ।’ গত সোমবার বাঁকুড়ার পুয়াবাগানে একটি কর্মিসভায় এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দলের লিড নিয়ে গ্রামবাসীদের রীতিমতো হুমকি দিতে শোনা গেল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে।
ওন্দা ব্লকের নতুনগ্রাম এলাকায় প্রচারে গিয়ে সুজাতা মন্ডল বলেন, “কোন কোন বুথে তৃণমূল ও বিজেপি লিড পাচ্ছে তার তালিকা তৈরি করে রাখা হবে। যে বুথে তৃণমূল লিড পাবে সেখানে জান লড়িয়ে দেব। আর যেখানে তৃনমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্ত আমার কোনো কর্মীকেও যেতে দেব না”। এখানেই থেমে থাকেননি। সুজাতাকে হুমকির সুরে গ্রামবাসীদের বলতে শোনা যায়, “তোমরা ভোটের বেলায় বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে তা হয় না। তোমরা বারেবারে এখান থেকে বিজেপিকে জিতিয়েছো। এবারও যদি তাই হয় তাহলে এবার তোমাদের কথা শুনতে আমরা আর আসবো না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে।”
পরে সুজাতা মণ্ডলের যুক্তি, এই এলাকা থেকে বারবার বিধানসভা, লোকসভা ও পঞ্চায়েতে বিজেপি জিতছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ওন্দা এলাকাকে উন্নয়নের জোয়ারে ভরিয়ে দিচ্ছেন। এতে তাঁদের যন্ত্রণা হচ্ছে। সুজাতা মণ্ডলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার দাবি “ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তৃণমূল এখন ঠেলায় পড়ে এমন মন্তব্য করছে।”