TMC Group Clash: পাকা নর্দমা বানানো নিয়ে বিবাদ, TMC নেতাকে গুলি চালালেন TMC নেতাই

TMC group clash: স্থানীয়ভাবে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে একটি পাকা নর্দমা করা নিয়ে বিবাদ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। তা নিয়ে শনিবার দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

TMC Group Clash: পাকা নর্দমা বানানো নিয়ে বিবাদ, TMC নেতাকে গুলি চালালেন TMC নেতাই
আহত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 01, 2025 | 9:56 PM

বাঁকুড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বিধানসভা ভোটের আগে মিলেমিশে কাজ করার। কিন্তু কোথায় কী! এবার শাসকদলের গোষ্ঠী কোন্দলের জেরে গুলি চলল বাঁকুড়ার সোনামুখীতে। গুলিতে জখম হয়েছেন তৃণমূলের এলাকার বুথ সভাপতি নাসিম শেখ। গুলি লাগে তাঁর পেটে। আহত অবস্থায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়ভাবে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে একটি পাকা নর্দমা করা নিয়ে বিবাদ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। তা নিয়ে শনিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।  বিকালের দিকে ফের দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে কার্যত সংঘর্ষ বেধে যায় বলে খবর। এই সময়ই তৃণমূলের সেকেন্দার খান নামের এক কর্মী বন্দুক বার করে গুলি ছুড়তে শুরু করে বলে অভিযোগ। অভিযোগ, মোট ২ রাউন্ড গুলি চালানো হয়। এরমধ্যে একটি গুলি লাগে তৃণমূলের চকাই গ্রামের বুথ সভাপতি নাসিম শেখের পেটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাঁকে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ বুথ সভাপতিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

এ প্রসঙ্গে গুলিবিদ্ধ বুথ সভাপতি নাসিম শেখ বলেন, “ওরা বেআইনি ভাবে কাজ করছিল। আমি সেইটাই প্রতিবাদ করেছিলাম। কাগজ দেখতে চেয়েছিলাম। বলেছিলাম পঞ্চায়েতকে জানাতে হবে। তারপর থেকেই আমায় হুমকি দেওয়া হয়েছে। তারপর গুলি চালানো হয়েছে। তৃণমূলের বি টিম আমার উদ্দেশ্যে গুলি চালিয়ে।” যদিও যার বিরুদ্ধে অভিযোগ তার প্রতিক্রিয়া মেলেনি। গুলি চালানোর পরই জানা যাচ্ছে তার দলের লোকজন অভিযুক্তকে বেধড়ক মারধর করে। বর্তমানে সংজ্ঞাহীন অবস্থায় তিনিও ভর্তি হাসপাতালে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, “সরকারি টাকা কে কত আত্মসাৎ করবে সেই নিয়েই ওদের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল চলছে।”

Follow Us