Bharat Gaurav Train: নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এই ‘স্পেশাল’ ট্রেন, খরচ ২৯০০০, কোথায় কোথায় যাবে জেনে নিন

Bharat Gaurav Train: যাত্রা শুরু হবে বাংলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। মালদা টাউন, রামপুরহাটের মতো স্টেশনগুলির ওপর দিয়ে যাবে ট্রেনটি। এছাড়াও এই ট্রেন থামবে দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল, পাটনায়।

Bharat Gaurav Train: নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেন, খরচ ২৯০০০, কোথায় কোথায় যাবে জেনে নিন
ভারত গৌরব ট্রেনImage Credit source: IRCTC

May 13, 2024 | 9:07 PM

নয়া দিল্লি: ট্রেনের ভিতরেই থাকবে এলাহি ব্যবস্থা। শুধুমাত্র ভ্রমণের জন্য এক স্টেশন থেকে আর এক স্টেশনে ঘুরে ট্রেনটি। আর সেই ট্রেন যাত্রা শুরু করবে বাংলা থেকেই। উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে। ট্রেন চালু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ১৮ মে থেকে যাত্রা শুরু হবে বলে রেল সূত্রের খবর।

রেলের তরফে জানানো হয়েছে, মোট ৮ রাত ৯ দিনের যাত্রা হবে এই ‘ভারত গৌরব’ ট্রেনে। এই ট্রেনে চেপেই দর্শন করা যাবে বৈষ্ণো দেবী, হরিদ্বার, হৃশিকেশ, মথুরা, বৃন্দাবণ ও অযোধ্যার মতো তীর্থক্ষেত্র।

যাত্রা শুরু হবে বাংলার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। মালদা টাউন, রামপুরহাটের মতো স্টেশনগুলির ওপর দিয়ে যাবে ট্রেনটি। এছাড়াও এই ট্রেন থামবে দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল, পাটনায়। ১৮ তারিখে যাত্রা শুরু করার পর বৈষ্ণো দেবীতে ট্রেন পৌঁছবে ২০ তারিখে। পরপর দু’দিন সেখানেই থাকবে ট্রেন। পরের দু’দিন অর্থাৎ ২২ ও ২৩ মে ট্রেন দাঁড়াবে হরিদ্বার স্টেশনে। পরের দিন ভারত গৌরব ট্রেন যাবে মথুরায় আর ২৫ মে যাবে অযোধ্যায়।

এরপর ফিরবে ট্রেন। ২৬ মে পাটনা স্টেশনে পৌঁছবেন যাত্রীরা। এসি থ্রি টিয়ার ও স্লিপার ক্লাস থাকছে এই ট্রেনে। এসি কামরায় যাত্রা করতে চাইলে জন প্রতি খরচ পড়বে ২৯ হাজার ৫০০ টাকা আর স্লিপার ক্লাসে খরচ পড়বে ১৭ হাজার ৯০০ টাকা জন প্রতি। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক ভারত, শ্রেষ্ঠ ভারত নামে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, তারই আওতায় এই ভারত গৌরব ট্রেনের যাত্রা শুরু করছে।

Follow Us