Birbhum: ‘পিস্তল নিয়ে এসেছিল ওরা…’, আসমাদের চোখের সামনে পুড়ে ছারখার গোটা বাড়ি

Birbhum Fire: পরিবারের সদস্য আসমা খাতুন জানান, তাঁর বাবা বেশ কিছুদিন ধরেই বাড়িছাড়া। অত্যাচারের জেরে বাড়ি ফিরতে পারেন না তাঁর দাদাও। তিনি, তাঁর মা ও বৌদি থাকেন বাড়িতে। আসমার দাবি, তাঁদের বাড়ির পাশের জমিটা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছে।

Birbhum: পিস্তল নিয়ে এসেছিল ওরা..., আসমাদের চোখের সামনে পুড়ে ছারখার গোটা বাড়ি
পুড়ে গেল গোটা বাড়িImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 29, 2024 | 10:48 AM

বীরভূম: বছর দুয়েক আগে বীরভূমের বগটুইতে কীভাবে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১০ জনের, সেই স্মৃতি এখনও টাটকা। নহদহরীর ঘটনা যেন সেই ভয়াবহ স্মৃতিই উস্কে দিচ্ছে আবারও। বীরভূমের সিউড়ি থানা এলাকার নহদহরী গ্রামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সোমবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘর, আসবাব- পুড়ে ছারখার হয়ে গিয়েছে সবকিছুই। এমনকী টাকা, গয়না কিছুই ছাড়া হয়নি বলে অভিযোগ।

তৃণমূল নেতা বাবু আনসারি ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। যদিও অভিযোগ অস্বীকার করে বাবু জানিয়েছেন, এসব আসলে জমি মাফিয়াদের কাজ। কেন তাঁর দিকে অভিযোগের আঙুল তোলা হল, তা বুঝে উঠতে পারছেন না তিনি।

আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে সবকিছু। খবর পেয়ে রাতেই পৌঁছয় দমকল, পৌঁছয় পুলিশও। অভিযোগ, সোমবার রাতে বেশ কয়েকজন লোক চড়াও হয়। বাড়িতে সেই সময় কোনও পুরুষ সদস্য ছিলেন না। মহিলাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়, তারপর তারা বাড়ি থেকে পালিয়ে গেলে, আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

পরিবারের সদস্য আসমা খাতুন জানান, তাঁর বাবা বেশ কিছুদিন ধরেই বাড়িছাড়া। অত্যাচারের জেরে বাড়ি ফিরতে পারেন না তাঁর দাদাও। তিনি, তাঁর মা ও বৌদি থাকেন বাড়িতে। আসমার দাবি, তাঁদের বাড়ির পাশের জমিটা নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছে। তাঁর কাকাকেও ফাঁসিয়ে দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ আসমার। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। তাঁদের কাছে আর কানাকড়িও নেই। সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তিনি জানান, অন্তত ২০-২৫ জন লোক এসেছিল রাতে, তাদের সবার হাতে ছিল পিস্তল।

বাড়ির উপরে থাকা ইলেকট্রিক পোল থেকে শর্ট সার্কিটের জেরে আগুন ধরেছে না কি, সেটাও তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Loading...
Unable to load recommendations.
Follow Us