
বীরভূম: সরষে ভাপা ইলিশ, একেবারে সাজানো ডিসে। পাশেই মাংস। তার পাশে আবার দই কাতলা। একেবারে লোভনীয়! দেখলেই জিভে জল। সুগন্ধীও বেরোচ্ছে। সেই হোটেলে দিবারাত্র লোক আসছে খেতে। সেখানেই ভিড়ের মাঝে আসেন ওঁরা। ইলিশ ভাপা আর দই কাতলা অর্ডার করেন। ইলিশ মুখে দিতেই গা পাকিয়ে উঠল। বীরভূমের সিউড়ির হোটেলে ফুড সেফটি দফতরের অভিযান। ইলিশেও ধরা পড়ল ভয়ঙ্কর জিনিস। পচা ইলিশই রান্না করে খাইয়ে দেওয়া হচ্ছিল।
বীরভূমের সিউড়ি শহরের একটি হোটেলে রান্না করা পচা ইলিশ মাছ , মাংস- সব ধরে ফেলে দেওয়া হল। এমনকি যে জল বাসন ধোঁয়ার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল, তাতেও দেখা যাচ্ছিল কালো প্যাচানো কেন্নো। তা দেখেই আধিকারিকদের মাথায় হাত। ফেলে দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ দুধ ও মসলা। সোমবার সকালে বীরভূমের সিউড়ি শহরের বাসস্টান্ড এলাকার বেশ কয়েকটি হোটেলে হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সিউড়ির প্রাথমিক শিক্ষা সংসদের পাশে একটি হোটেলে রান্না করা পচা ইলিশ মাছ , মাংস ফেলে দেওয়া হয়।
সিউড়ির বাসস্টান্ড এলাকার কয়েকটি জায়গায় মেয়াদ উত্তীর্ন দুধ , মশলা ফেলে দেওয়া হয়। এক আধিকারিক বলেন, “৮-১০টা ভিজিট করেছি। তার মধ্যে বেশ কয়েকটি বিরিয়ানির দোকান ছিল। বাকি সব ভাতের ছোট হোটেল ছিল। আনহাইজিনিক বেশ কিছু পেয়েছি। জল যা ব্যবহার করা হচ্ছিল, খুবই অস্বাস্থ্যকর। বাথরুমের পাশের জায়গা, থালা বাসন ধোঁয়ার জায়গা খুবই অস্বাস্থ্যকর।”