
বসিরহাট: গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র (Rekha Patra)। কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শরীরে বিষক্রিয়ার জেরেই অবস্থা সঙ্কটজনক বিধায়িকার। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট উদ্বেগ। এখন কেমন আছেন বিধায়িকা?
হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে রেখা পাত্রর। আপাতত বিধায়িকাকে ক্রিটিকাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে। তবে এখনও বিপদ কাটেনি হিঙ্গলগঞ্জের বিধায়িকার। এদিকে, রেখা পাত্রর দিদির দাবি, এখন কিছুটা সাড়া দিচ্ছেন রেখা পাত্র। তবে এখনও সঙ্কটমুক্ত নন।
শনিবারই হিঙ্গলগঞ্জের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় রেখা পাত্রকে। পরে অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রেখা পাত্রর ফুসফুসে বিষাক্ত লালা রস ঢুকে গিয়েছে। এতে বিপদ হওয়ার সম্ভাবনা। এছাড়া রয়েছে শ্বাসকষ্টও। এখনও বিপদমুক্ত নন বিধায়িকা, তাই চিকিৎসকরা তাঁকে ক্রিটিকাল কেয়ার সাপোর্টেই রেখেছেন। নতুন করে অবস্থার অবনতি হয়নি। তবে এখন হাসপাতালেই থাকতে হবে বিধায়িকাকে।