
ক্যানিং: লালসার শিকার দুই নাবালিকা। ক্যানিংয়ে মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ২ নাবালিকাকে ‘ধর্ষণ’। আটক করা হল ২ প্রতিবেশীকে। অভিযুক্তরাও নাবালক বলেই জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানা এলাকায়। অভিযোগ, মোবাইল ফোনে কার্টুন দেখানোর নাম করে দুই নাবালিকাকে ফুসলিয়ে ধর্ষণ করে প্রতিবেশী দুই নাবালক। ঘটনার জেরে দক্ষিণ ২৪ পরগনার তালদি জনকল্যাণ মোড় এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল ৩টে-সাড়ে ৩টে নাগাদ বাড়ির সামনে খেলা করছিল দুই নাবালিকা। একজনের বয়স ১০ বছর এবং অন্যজনের ১২ বছর। অভিযোগ, সেই সময় প্রতিবেশী দুই নাবালক তাঁদের মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির বাড়ির পিছনে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে দুই নাবালিকাকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নির্যাতিতার মা।
অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় দুই নাবালককে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৬৪(২)(এম)/ ৩(৫) ধারা এবং পকসো (POCSO) আইনের ৬ নম্বর ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা বলেন, “চরম নিন্দনীয় ঘটনা। সামাজিক অবক্ষয়ের ছবি। বর্তমান সরকার একজন নারীর প্রতিও এই ধরনের ঘটনা মেনে নেবে না। যারা যারা অভিযুক্ত রয়েছে, তাদের শাস্তি দেওয়া হবে। বারুইপুরের ঘটনাও দেখেছেন।”