
কোচবিহার: খড়্গপুরের পর এবার কোচবিহার। আগামী দিনে রাজ্যে আরও এক আইআইটি স্থাপনের ইঙ্গিত দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু।
রবিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগম উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বেশ কয়েকটি দিকের কথা উল্লেখ করেন তিনি। কোচবিহারের সার্বিক ও বহুমুখী উন্নয়ন নিয়ে তাঁর মাথায় একাধিক চিন্তাভাবনা রয়েছে। তিনি ইতিমধ্যেই কলকাতা এবং দিল্লির সংশ্লিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন।
রথীন্দ্রনাথ দাবি, শুধুমাত্র আইআইটি-ই নয়, কোচবিহারের জন্য ভবিষ্যতে আরও বেশ কয়েকটি পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। সেই পরিকল্পনা এখনও স্পষ্ট না বললেও, যদি তা আগামী দিনে বাস্তবায়িত হয়, তাহলে কোচবিহার জেলার শিক্ষা, কর্মসংস্থান এবং পরিকাঠামোগত ক্ষেত্রে এক অভূতপূর্ব জোয়ার আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে কোচবিহারের কোথায় আইআইটি হবে, কিংবা কবে থেকে তার কাজ শুরু হবে, তা এখনও স্পষ্ট করেননি তিনি। তিনি জানিয়েছেন, চিন্তাভাবনা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে, এই নিয়ে আগে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিস্তর আলোচনার প্রয়োজন।