
কোচবিহার: ডিম-বৃষ্টি। বঙ্গ রাজনীতিতে নতুন ট্রেন্ড। আর তার শিকার তৃণমূলের ছোট-মেজো-বড় নেতারা। কিন্তু এবার ডিম বর্ষণের মুখে মীনাক্ষী মুখোপাধ্যায়। কনভয় লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। গাড়ির উইন্ড স্ক্রিনে ফাটতে থাকে একের পর এক ডিম। শীতলকুচিতে নিহত মন্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে আসার সময় সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ।
মঙ্গলবার সকালে মন্টুর বাড়িতে যান মীনাক্ষী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। সেখান থেকে আসার পথে শীতলকুচি বাজারে ভিতরে মীনাক্ষীর কনভয় যাচ্ছিল। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়।
তবে এ বিষয়ে বিক্ষোভকারীদের অভিযোগ, মীনাক্ষী এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছিলেন। এক বিক্ষোভকারীর বক্তব্য, “উনি আসলে সংখ্যালঘু এলাকায় এসে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছিলেন।” পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনী। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
যদিও এই ঘটনায় মীনাক্ষীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই ডিম ছোড়া নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। হাইকোর্টে এক্ষেত্রে রাজ্যের কাছে হলফনামাও তলব করেছে। কেন এভাবে ডিম ছোড়া হচ্ছে, তাতে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য প্রশাসনের কী পদক্ষেপ সবই জানতে চেয়েছে আদালত। তার মধ্যে ডিম-বর্ষণের লাগাতর অভিযোগ উঠছে।