
কোচবিহার : বছরের পর বছর ধরে রাজবংশীদের ইতিহাস বহন করে চলেছে কোচবিহার জেলা। সেক্ষেত্রে কোচবিহারের রাজনীতিতে রাজবংশী সম্প্রদায়ের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জেলারই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল কোচবিহার দক্ষিণ। এই বিধানসভা কেন্দ্রটি কোচবিহার লোকসভার অন্তর্গত। ১৯৬৬ সালে তৈরি হয় কোচবিহার উত্তর, দক্ষিণ ও পশ্চিম। তবে, রাজ্যে পালাবাদলের পর তিনটি কেন্দ্র ভেঙে দু’টি বিধানসভা কেন্দ্র হয়। কোচবিহার উত্তর ও পশ্চিম। তবে পরে তাও ভেঙে গড়ে তোলা হয় কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র।
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ইতিহাস বলছে দীর্ঘদিন বামেদের আধিপত্য ছিল। বিশেষ করে ফরওয়ার্ড ব্লক এই কেন্দ্রে বহুবার জয়ী হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলেছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এই কেন্দ্র থেকে জয়ী হন ফরোয়ার্ড ব্লকের প্রার্থীরা। তবে, ২০১৬ সালে পালাবদল ঘটে। তৃণমূল থেকে এই কেন্দ্রে জয়লাভ করেন মিহির গোস্বামী। যদিও ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দেন। ওই কেন্দ্রে ফের রাজনৈতিক সমীকরণ বদলায় ২০২১ সালে। এই কেন্দ্রে তৃণমূলের অভিজিত দে ভৌমিককে পরাজিত করে জয়ী হন বিজেপি প্রার্থী নিখিল রঞ্জন দে। প্রায় ৯৬ হাজারের বেশি ভোট পেয়েছিলেন তিনি।
২০২৬ সালের নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক নিখিল রঞ্জন দে-কেই। তৃণমূল ফের প্রার্থী করেছে অভিজিত দে ভৌমিককেই।